ডলারের মূল্য বৃদ্ধি: মরার ওপর খাঁড়ার ঘা

ডলারের মূল্য বৃদ্ধি: মরার ওপর খাঁড়ার ঘা

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের দর ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণের পর খোলাবাজারে নগদ ডলারের দর এক লাফে আরও ৮ টাকা বেড়ে ১২৫ টাকায় উঠেছে।

খোলাবাজারের পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দরও বেড়েছে আড়াই থেকে ৩ টাকা।

অন্যদিকে ডলারের দাম ব্যাংকে ৭ টাকা বাড়লেও মানি এক্সচেঞ্জলোতে বেড়েছে আরও ৮ টাকা পর্যন্ত। বর্তমানে মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা। ডলারের সঙ্গে অন্য মুদ্রায়ও এর প্রভাব পড়েছে।

আমদানির জন্য এলসি খুলতে গেলেও এ দামে ডলার মিলবে না বলে মনে করেন আমদানিকারকরা। এতে বাড়বে আমদানি খরচ। মূল্যস্ফীতি আরও বাড়বে। আমদানিনির্ভর পণ্যগুলো কিনতে হবে আরও বেশি দামে। পণ্যের দাম বাড়লে চাপে পড়বেন সাধারণ মানুষ।

আমদানিকারকরা বলেছেন, ডলারের দাম বাড়া ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। কারণ যেসব নিত্যপণ্য আমদানি করতে হয়, সেগুলোর ঋণপত্র খুলতে অনেক ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি ডলার কিনতে হয়। যার প্রভাব পড়বে বর্তমান নিত্যপণ্যের বাজারে।

বেশ কয়েক মাস ধরেই ডলারের বাড়তি দামের কারণে খুচরা বাজারে বেড়েছে আমদানি করা নিত্যপণ্যের দাম। দেশে খাদ্যশস্য এবং অন্য পণ্য আমদানি করতে হয় পুরোপুরি জোগান মেটাতে। যে কারণে দেশের বাজারে পণ্যের দামে ডলারের সবচেয়ে বড় প্রভাব থাকে। বিশেষ করে চিনি, পাম তেল, সয়াবিন তেল, দুধ ও দুগ্ধজাত পণ্য, আদা, মরিচ, গম, চাল, মসুর ডাল, পিয়াজ, আদা, রসুন, তেলবীজ রয়েছে শীর্ষ খাদ্যসামগ্রী আমদানির মধ্যে। এছাড়া সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সাবান, শ্যাম্পু থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বাড়বে।

সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি ধনী-গরিব নির্বিশেষে সবার ওপর চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বাড়লে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই এখন বাজারে জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে পোশাক, শিক্ষা, চিকিৎসাসহ পরিবহন খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে মানুষ।

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে মূলত রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হলেও ক্ষতির সম্মুখিন হন আমদানিকারকরা। আমদানিকারকদের আগের চেয়ে বেশি টাকা দিয়ে ডলার কিনতে হবে। এতে আমদানি ব্যয় বেড়ে যাবে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপরও ব্যাপক প্রভাব ফেলে। সামগ্রিক ভাবে দেশের সাধারণ মানুষ বড় ক্ষতির সম্মুখিন হবে।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *