নবকণ্ঠ ডেস্কঃ গত বৃহস্পতিবার ডেনমার্কের পার্লামেন্টে কোরআন অবমাননা বন্ধে একটি আইন পাস হয়েছে। এ আইন ভঙ্গ করলে জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।
চলতি বছর ডেনমার্কে বেশ কয়েকবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে অবমাননার মত ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠে। প্রথমে দেশটির জনগন ও সরকার স্বাধীন মত প্রকাশের অজুহাত দিয়ে কোরআন অবমাননার ঘটনায় কোনো ব্যবস্থা না নিলেও পরবর্তীতে ধর্মগ্রন্থ অবমাননার ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের কথা চিন্তা করে দেশটির সরকার।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে যে, ডেনমার্কের পার্লামেন্টে প্রকাশ্যে পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার এ আইনের পক্ষে ভোট পড়ে ৯৪টি। আর এ আইনের বিপক্ষে ভোট পড়ে ৭৭টি। তবে ৭ জন আইনপ্রণেতা ভোট প্রদান থেকে নিজেদেরকে বিরত রাখেন।
পার্লামেন্টে পাস হওয়া এ আইন অনুসারে, কোনো ধর্মের মানুষের কাছে ধর্মীয় তাৎপর্যপূর্ণ গুরুত্ব বহন করে এমন কোনো লেখা বা বস্তুর প্রতি প্রকাশ্যে বা বৃহত্তর মানুষের কাছে প্রচারের লক্ষ্যে ‘অনুপযুক্ত আচরণকে’ অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ আইন লঙ্ঘন করলে শাস্তি হিসেবে জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
তবে এ আইন পাস হওয়াতে দেশটিতে সমালোচনাও চলছে সমানভাবে। সমালোচকদের মতে, এ আইন দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে অর্জিত সেখানকার উদার স্বাধীনতাকে খর্ব করবে। কিন্তু ডেনমার্কের মধ্যপন্থি জোট সরকার বলছে, মত প্রকাশের স্বাধীনতার উপর নতুন আইনের প্রভাব খুব সামান্যই পড়বে।
চলতি বছরে ডেনমার্কের পাশাপাশি সুইডেনেও পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটে। এ ধরণের ঘটনা প্রতিরোধে তাই সুইডেন সরকারও বিভিন্ন পদক্ষেপের কথা চিন্তা করছে। তবে এক্ষেত্রে দেশটি একটু ভিন্ন চিন্তা করছে। এ ধরণের কর্মকাণ্ড ঠেকাতে দেশটি পুলিশের ভূমকাকে আরো জোরালো করার কথা ভাবছে।
-৩১১
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
