নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর ২০২৫-২৬ মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার পন্তাঁর একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল ও ফ্যামিলি সম্মিলনে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেনের উপস্থাপনায় এমডি নূরকে সভাপতি ও নজমুল কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, নজমুল কবির পূর্ববর্তী মেয়াদেও একই দায়িত্বে ছিলেন।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এমডি নূর, সাধারণ সম্পাদক নজমুল কবির, সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোজাম্মেল হোসেন এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফ হোসেন নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন যথাক্রমে শাহেদ ভুঁইয়া ও ইব্রাহিম হাসান।
ইফতারপর্ব শেষে ‘ফ্রান্সে কেমন বাংলাদেশ কমিউনিটি চাই’ শীর্ষক আলোচনায় অংশ নেন প্রবাসী নেতা, সাংবাদিক ও সমাজকর্মীরা। আলোচনায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক সহযোগিতা ও সামাজিক সংহতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সাংবাদিক মান্নান আজাদ, মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স টুয়েন্টিফোর-এর আরিফ উল্লাহ, ব্যবসায়ী মিয়া মাসুদ, আইনজীবী আজাদ মিয়া, শ্রমিক নেতা তানিম হোসেনসহ ২০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি মতবিনিময়ে অংশ নেন।
অনুষ্ঠানে দোয়া ও ধর্মীয় আলোচনা পরিচালনা করেন মাওলানা বদরুল বিন হারুন। তিনি শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করেন। এছাড়াও, লক্ষীপুর, নোয়াখালীসহ বিভিন্ন জেলার অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত থেকে প্রবাসে বাংলাদেশি ঐতিহ্য রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিসিএফ-এর এই আয়োজনকে প্রবাসী কমিউনিটির মধ্যে নতুন গতিশীলতা এনে দেবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। সংগঠনের নতুন কমিটি শিক্ষা, কর্মসংস্থান ও সাংস্কৃতিক বন্ধনকে প্রাধান্য দিয়ে কাজ করবে বলে জানানো হয়েছে। ফ্রান্সে প্রায় তিন লাখ বাংলাদেশির বসবাস, যাদের অধিকার রক্ষা ও উন্নয়নে বিসিএফের ভূমিকা তাৎপর্য বলে উল্লেখ করেন সাবেক নেতা সাইফুল ইসলাম।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

