বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের মাদ্রাসা বিভাগের দ্বিতীয় ত্রৈমাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সকাল ও বিকালে দুটি পৃথক পর্বে সফলভাবে সম্পন্ন হয়েছে। সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাহউদ্দিন এর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমাদুল ইসলাম এর পরিচালনায় এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর মাদ্রাসার পরিচালক জনাব নুরুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের অধ্যবসায় ও সাফল্যে অভিনন্দন জানান। তিনি ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষক প্রতিনিধি মাওলানা শাইখ বিলাল উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জ্ঞানার্জনই হলো তোমাদের প্রধান হাতিয়ার। সৎ চরিত্র ও আদর্শবান মানুষ হিসেবেই সমাজে আলোকিত ভূমিকা রাখবে।” এছাড়া হাফেজ কারী বেলায়েত হোসাইন ও মাওলানা আখলাকুর রহমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকলের প্রচেষ্টাকে স্বাগত জানান।

মর্নিং ও ইভিনিং শাখার প্রতিটি শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই ও সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, অংশগ্রহণমূলক মনোভাবের স্বীকৃতিস্বরূপ অন্যান্য সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা (৮ম শ্রেণি) জানায়, “শিক্ষকদের অনুপ্রেরণা এবং অভিভাবকের সহযোগিতা এই সাফল্যের মূল চাবিকাঠি।”

সভাপতি সিরাজুল ইসলাম সালাহউদ্দিন তার সমাপনী বক্তব্যে অভিভাবকদের উদ্দেশে বলেন, “সন্তানদের শুধু পরীক্ষার নম্বর নয়, তাদের চরিত্র গঠনেও নজর দিন। মাদ্রাসার পক্ষ থেকে আমরা সর্বদা শিক্ষার পূর্ণাঙ্গ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানার্জন ও সৃজনশীল প্রতিযোগিতার চেতনা আরও বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত অভিভাবকবৃন্দ। আগামী শিক্ষাবর্ষে আরও নানামুখী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.