নবকণ্ঠ ডেস্কঃ ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায়, উৎসাহ উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ মনিরুল ইসলাম দিবসের শুরুতে দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী এবং প্রবাসিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও এক মিনিট নীরবতা পালনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আয়োজনের দ্বিতীয় পর্ব আয়োজন করা হয় দূতাবাসের সম্মেলন কক্ষে। এ পর্যায়ে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইতালির সকল শহরের প্রবাসী বাংলাদেশিগণ অংশগ্রহন করেন। এ পর্বে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়াও ‘স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বিজয় দিবসের ও এটির উদযাপনের গুরুত্ব বিষয়ে এক বিশেষ আলোচনা সভায় দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং অন্যান্য অতিথিবৃন্দকে বিজয় দিবস উপলক্ষ্যে উষ্ণ অভিনন্দন জানানো হয়। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রার ভূয়সী প্রশংসা করেন বক্তাগণ। স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধে শহিদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। বঙ্গবন্ধু ও শহিদদের লালিত স্বপ্নকে বাস্তবায়িত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তাগণ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রদূত জনাব মনিরুল ইসলাম তার বক্তব্যে বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্বকেই বাংলাদেশের স্বাধীনতা লাভের মূল চালিকা শক্তি বলে উল্লেখ করেন।
তিনি বঙ্গবন্ধুর একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন ‘সোনার বাংলা’র গঠনের স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধনমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন।
মহান বিজয় দিবসের এই আনন্দঘন মুহূর্তে তিনি ইতালি প্রবাসী বাংলাদেশীদের এক হয়ে সহাবস্থানের আহ্বান জানান। রাষ্ট্রদূত দূতাবাসের সেবা কার্যক্রমের মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে প্রবাসীদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। বর্তমান সরকারের প্রবাসী বান্ধব নীতির বিষয়ে উল্লেখ করেন তিনি। এছাড়াও উন্নত সেবা নিশ্চিত করার প্রত্যয়ে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতি আলোকপাত করেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহিদ সকল সদস্যবৃন্দ এবং মুক্তিযুদ্ধের সকল শহিদদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে এবং দেশের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার জন্য মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
