নবকণ্ঠ ডেস্ক: ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের স্টে পারমিট নবায়ন ও স্পন্সরভিত্তিক নন-সিজনাল শ্রমিকদের বিভিন্ন জটিলতা নিরসনে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সঙ্গে বিশেষ বৈঠক করেছে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২১ মে) আইওএমের ইতালি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ থেকে স্পন্সরভিত্তিক নন-সিজনাল কর্মী ভিসায় ইতালিতে আসা এবং বর্তমানে স্টে পারমিট নবায়নসংক্রান্ত জটিলতায় পড়া বাংলাদেশি কর্মীদের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত কর্মীরা তাদের বিভিন্ন দুর্ভোগ ও প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন। বিশেষ করে স্টে পারমিট নবায়ন প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব, প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তার অভাব, কাগজপত্র প্রক্রিয়াকরণে জটিলতা এবং অনিশ্চয়তার কারণে কর্মসংস্থান ও বৈধতা সংকটে পড়ার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনায় উঠে আসে।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা ও বৈধ অবস্থান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে দূতাবাস সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে আইওএম প্রতিনিধিরা বাংলাদেশি কর্মীদের সমস্যাগুলো মনোযোগসহকারে শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় ইতালিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বৈধতা বজায় রাখা, তাদের কর্মসংস্থান অব্যাহত রাখা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, দূতাবাস, আইওএম এবং সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান এসব জটিলতার একটি কার্যকর ও ইতিবাচক সমাধান দ্রুতই সম্ভব হবে।
প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট মহলের সক্রিয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও। তাদের মতে, এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক কর্মীর সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা রাখবে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
