নবকণ্ঠ ডেস্কঃ মিজানুর রহমান আল আজহারী যেখানেই যাচ্ছেন সেখানেই হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জন সমাগম। সাম্প্রতিক সময়ে কক্সবাজারের পেকুয়া ও যশরে মিজানুর রহমান আজহারী এর মাহফিলকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে। সর্বশেষ শনিবার ব্যাপক গনজোয়ার মধ্যদিয়ে সিলেটে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬ তম তাফসির মাহফিলের শেষ দিন শনিবার মাহফিলে আলোচনা রাখেন মিজানুর রহমান আজহারী। উল্লেখ্য এর আগে একই আয়োজকদের আয়োজনে সিলেটে দীর্ঘদিন ধারাবাহিকভাবে মাহফিল করেছেন মাওলানা দেলোয়ার হুসাইন সাঈদী।
মিজানুর রহমান তার আলোচনায় রাসূল (সা.) এর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও যশোরে তার মাহফিলের ভিডিও এর সাথে ছয় বছর আগের একটি অডিও ক্লিপ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে তিনি অবহিত করেন। তাছাড়া যশোরের মাহফিলে তার বক্তব্যের একটি অংশ একটি রাজনৈতিক দল ভুলভাবে নিচ্ছে বলে তিনি জানান। তিনি কথাটি নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন নি বলে নিজের অবস্থান পরিষ্কার করেন।
সু-বিশাল এই আয়োজন সু-শৃঙ্খলভাবে পরিচালনা করতে আয়োজক কমিটির তত্ত্বাবধানে প্রায় ২৩০০ সেচ্ছাসেবক সক্রিয় ছিল। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে দেখা গেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে সিলেট মহানগর পুলিশ কাজ করছে। এছাড়াও সাদা পোশাকে পুলিশের অতিরিক্ত ফোর্স নিয়োজিত ছিল।
এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী এই তাফসির মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী ছাড়াও মাহফিলে তাফসির পেশ করেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
