হঠাৎ চিকেন’স নেক পরিদর্শনে অমিত শাহ-শুভেন্দু, ১০ নতুন সীমান্ত চৌকির ঘোষণা

হঠাৎ চিকেন’স নেক পরিদর্শনে অমিত শাহ-শুভেন্দু, ১০ নতুন সীমান্ত চৌকির ঘোষণা

নবকণ্ঠ ডেস্ক: বাংলাদেশ-সংলগ্ন ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেন’স নেক’ নামে পরিচিত, সেখানে নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে শনিবার (১৮ জুলাই) বিএসএফের ‘প্রহরী সম্মেলনে’ অংশ নিয়ে তিনি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী এই সংকীর্ণ করিডোরটি বাংলাদেশের সীমান্তঘেঁষা। একই সঙ্গে চীন, নেপাল ও ভুটানের সীমান্তও কাছাকাছি হওয়ায় অঞ্চলটি দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ কারণে বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চিকেন’স নেকের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর দিতে নির্দেশ দেন অমিত শাহ।

সফরকালে বিএসএফের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ৭৭ কোটি রুপি ব্যয়ে বাস্তবায়িত একটি প্রকল্পেরও উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

সম্মেলন শেষে তিনি উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাজগঞ্জ ব্লকের জুম্মা গছ এলাকা এবং উত্তরকন্যার পাশের ডাবগ্রাম-ফুলবাড়ি সীমান্ত অঞ্চল পরিদর্শন করেন। সেখানে সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধে ব্যবহৃত বিভিন্ন আধুনিক প্রযুক্তির প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

প্রদর্শনীতে রেডিওভিত্তিক কাঁটাতারের অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা, গেট ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ‘নতুন ফ্রেন্ডশিপ’ প্রকল্পসংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত তথ্য তুলে ধরা হয়।

এ সময় সীমান্তে কঠোর নজরদারি নিশ্চিত করার পাশাপাশি উত্তরবঙ্গের মহানন্দা নদীর উন্মুক্ত অংশ দিয়ে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন অমিত শাহ। একই সঙ্গে পশ্চিমবঙ্গে আরও ১০টি নতুন সীমান্ত আউটপোস্ট (বিওপি) নির্মাণের ঘোষণাও দেন তিনি।

অমিত শাহের এই সফরে তার সঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও বিধায়করাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.