নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার সেবা আরও সুশৃঙ্খলভাবে নিশ্চিত করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্তের নতুন সময়সূচি প্রকাশ করেছে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস। সামাজিক মাধ্যমে এপয়েন্টমেন্ট জনিত দুর্ভোগের কথা নবকন্ঠ সহ মিডিয়া ও কমিউনিটির মধ্যে ব্যপক আলোচিত হবার জেরে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, ই-পাসপোর্ট এনরোলমেন্টের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালুর আগে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে স্লট খোলার তারিখ ও সময় জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এখন থেকে এ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেবাপ্রার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রতি মাসের কর্মদিবসগুলোর অ্যাপয়েন্টমেন্ট স্লট ধাপে ধাপে উন্মুক্ত করা হবে। একই সঙ্গে প্রতি মাসের শেষ সপ্তাহে পরবর্তী মাসের স্লট উন্মুক্তের সম্ভাব্য ক্যালেন্ডার প্রকাশ করা হবে, যাতে আবেদনকারীরা আগেই প্রস্তুতি নিতে পারেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দূতাবাস প্রতিদিন সর্বোচ্চ ৬০টি ই-পাসপোর্ট এনরোলমেন্ট সম্পন্ন করতে সক্ষম হলেও বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিদিন ৮০ থেকে ৯০টি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এর মধ্যে প্রতিদিন ৪০ থেকে ৪৫টি স্লট অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে বরাদ্দ থাকবে। এছাড়া ১৫ মে ২০২৬ তারিখের আগে ই-মেইলের মাধ্যমে যারা আবেদন করেছেন, তাদের জন্যও প্রতিদিন ৪০ থেকে ৪৫টি অ্যাপয়েন্টমেন্ট সংরক্ষিত থাকবে।

দূতাবাস জানিয়েছে, সাপ্তাহিক ভিত্তিতে স্লট উন্মুক্তের তারিখ ও সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আগামী ২০ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত কর্মদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী উন্মুক্ত করা হবে—
- ২০–২৪ জুলাই ২০২৬-এর স্লট উন্মুক্ত হবে ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত।
- ২৭–৩১ জুলাই ২০২৬-এর স্লট উন্মুক্ত হবে ২৪ জুলাই (শুক্রবার) রাত ১১:৩০ থেকে ১২:০০ পর্যন্ত।
- ৩–৭ আগস্ট ২০২৬-এর স্লট উন্মুক্ত হবে ৩১ জুলাই (শুক্রবার) রাত ১০:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত।
- ১০–১৬ আগস্ট ২০২৬-এর স্লট উন্মুক্ত হবে ৮ আগস্ট (শনিবার) রাত ১১:৩০ থেকে ১২:০০ পর্যন্ত।
- ১৭–২৩ আগস্ট ২০২৬-এর স্লট উন্মুক্ত হবে ১৪ আগস্ট (শুক্রবার) রাত ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত।
- ২৪–৩১ আগস্ট ২০২৬-এর স্লট উন্মুক্ত হবে ১৯ আগস্ট (বুধবার) রাত ১১:৩০ থেকে ১২:০০ পর্যন্ত।
দূতাবাস আরও জানিয়েছে, সেবাপ্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে প্রবেশ করে নিজেরাই অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন। এ জন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সেবাপ্রার্থীদের সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার শাখা।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
