নবকণ্ঠ ডেস্কঃ সলিডারিটি আজি ফ্রান্স (SAF)-এর উদ্যোগে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত হলো ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে “বাণিজ্য মেলা: ঈদ বাজার”। ৬৫টিরও অধিক স্টল নিয়ে আয়োজিত এই মেলায় অংশ নেয় বাংলাদেশি, পাকিস্তানি ও মরক্কান সম্প্রদায়সহ ফ্রান্সের নানা প্রান্তের প্রবাসীরা, যা প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল প্রদর্শনীতে পরিণত হয়।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত স্থায়ী হয় মেলা। এসময় মেলায় স্টলে স্টলে দেশীয় পোশাক, হস্তশিল্প, হাতে বানানো আচার-পিঠা-ভর্তা প্রদর্শিত হয়। মেলায় কুইজ প্রতিযোগিতা, শিশুদের বিনোদনমূলক অনুষ্ঠান এবং দেশীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের সংসদ সদস্য অরেলিয়েন তাচে (প্রথমবারের মতো উপস্থিতি), প্যারিসের কাউন্সিলর আনজুমানে সিসোকো এবং SAF-এর সভাপতি নয়ন এন কে।
SAF-এর পক্ষে জানানো হয়, বিদেশে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং প্রবাসীদের মধ্যে সম্প্রীতির বন্ধন শক্তিশালী করাই এই মেলার মূল লক্ষ্য। ফরাসি দর্শনার্থীরা দেশীয় পোশাক ও শিল্পের বৈচিত্র্যে বিশেষভাবে মুগ্ধ হন।
সন্ধ্যায় আনুষ্ঠানিক সমাপ্তির মাধ্যমে মেলা শেষ হলেও আয়োজকরা ৭ম বর্ষে আরও বড় পরিসরে মেলার আয়োজনের ঘোষণা দেন। প্রবাসের নিরানন্দ জীবনে এই উৎসব যুগিয়ে যাবে স্বদেশের সুর ও স্মৃতি – এটাই SAF-এর অঙ্গীকার।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
