নবকণ্ঠ ডেস্কঃ জাতীয় শোক দিবস, শিশু দিবস সহ আটটি জাতীয় দিবস বাতিল করছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে আছে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণও। বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সেই সঙ্গে জাতির পিতা হিসেবে একটি দল বা একজন ব্যক্তিকে সীমাবদ্ধ করতে চান না বলেও জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ বলেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উপাধি দিয়েছে আওয়ামী লীগ। অবশ্যই শেখ মুজিবুর রহমান জাতির পিতা না। আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে কেবল একজন না, অনেকেরই ভূমিকা রয়েছে। আমাদের ইতিহাস কিন্তু শুধু ১৯৫২ থেকেই শুরু হয়নি। আমাদের ইতিহাসে দীর্ঘ লড়াই আছে, ব্রিটিশবিরোধী লড়াই আছে, ১৯৪৭ সালের লড়াই আছে, ৭১ এর সংগ্রাম রয়েছে, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন রয়েছে ও সবশেষ ২৪ এর বিপ্লব রয়েছে।
তিনি বলেন, আমাদের ইতিহাসে শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, আবুল হাসেম, যগেন মণ্ডল, মাওলানা ভাসানী এমন অনেক মানুষের লড়াই আছে। আমরা তো মনে করি এখানে একজন জাতির পিতা না, বরং অনেক ফাউন্ডিং ফাদার’স (জাতির পিতা) রয়েছে। যাদের অবদানের ফলে আমরা এই স্বাধীন ভূখণ্ড, স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সুতরাং, জাতির পিতা হিসেবে আমরা একটা দলের বা একজন ব্যক্তিকে সীমাবদ্ধ করতে চাই না।
উপদেষ্টা নাহিদ বলেন, ইতিহাসের বহুমুখীতা আছে। যেটিকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে। তারা মাওলানা ভাসানীর অবদানকে অস্বীকার করেছে, অথচ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এখন সময় এসেছে সবার ভূমিকা স্মরণ করার। তিনি উল্লেখ করেন নতুন বাংলাদেশে আওয়ামীলীগের তৈরি করা ইতিহাসের ধারাবাহিকতা চলতে পারে না।
ঐতিহাসিক ৭ মার্চ প্রসঙ্গে তিনি বলেন, ৭ মার্চ অবশ্যই গুরুত্বপূর্ণ দিবস, তবে জাতীয় দিবস হওয়ার মতো না। আওয়ামী লীগ অনেক দিবসকে নষ্ট করে ফেলেছে। তারা শেখ মুজিবের মূর্তি করে পূজা শুরু করেছিল। আমরা তো ৭ মার্চ একেবারে নিশ্চিহ্ন করে দিচ্ছি না। শেখ মুজিবের রহমানের গুরুত্বকে ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছি না। অবশ্যই ইতিহাসে ৭ মার্চ থাকবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

