নবকণ্ঠ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে প্যারিসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত রবিবার আয়োজিত এ সমাবেশে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “অতি দ্রুততম সময়ের মধ্যে সাগর-রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে।”
ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করীম আখনজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেইন সাইফুলের সঞ্চালনায় সমাবেশে বক্তারা ১৩ বছর ধরে বিচারহীনতায় ক্ষোভ প্রকাশ করে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন। ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ইউরো ভিশন নিউজের সম্পাদক মান্নান আজাদ, রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের সাবেক কোষাধ্যক্ষ কামারুজ্জামান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় এই হত্যাকাণ্ডের বিচার অপরিহার্য। ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কাওসার আহমদ, এনটিভি প্রতিনিধি আবুল কালাম মামুন, মাই টিভির বাদল পাল, সাংবাদিক মামুন মাহিন, আবু জাফর রাজু, সাইফুল ইসলাম রনি ও ইয়াসিন আরাফাতসহ অনেকে গণমাধ্যমে নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
আবুল কালাম মজুমদার টেলিকনফারেন্সে সরকারের পক্ষ থেকে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার আশ্বাস দিলেও উপস্থিত সাংবাদিকরা দীর্ঘসূত্রতার সমালোচনা করেন। তারা বলেন, “একটিমাত্র মামলার নিষ্পত্তিতে ১৩ বছর লাগলে তা ন্যায়বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে।” সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সাগর-রুনির আত্মার শান্তি কামনা করে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান।
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও কর্মীগণ ঐক্যবদ্ধভাবে বিচারহীনতার সংস্কৃতি বদলে ন্যায় প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
