
নবকণ্ঠ ডেস্কঃ প্রবাসীদের নিকট অন্যতম আকর্ষণীয় দেশ হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। তেলসমৃদ্ধ দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হিসেবে খ্যাত এই দেহসটির জনসংখ্যার একটি বড় অংশই হলো প্রবাসী শ্রমিক-কর্মীরা।
সম্প্রতি, দেশটি আরো প্রবাসী শ্রমিক-কর্মী আকর্ষণে নিজেদের শ্রমনীতিতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। তারই ধারাবাহিকতায়, এবার কর্মীদের অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করানোর বিষয়ে নতুন নিয়ম চালু করেছে দেশটি। যদিও এই নিয়ম দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য বলে জানা গেছে।
নতুন নিয়ম অনুসারে, দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কিছু কর্মচারীকে অফিসিয়াল নির্ধারিত সময়সূচির পরে, সরকারি ছুটি ও দুই ঈদের সময় অতিরিক্ত কাজ করাতে পারবে। আর এই অতিরিক্ত সময় কাজ করানোর জন্য কোনো প্রকার অনুমোদন সম্পর্কিত অনুরোধপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না।
এ বিষয়ে সৌদি সরকার একটি ডিক্রি জারি করেছে। এর মাধ্যমে জানা গেছে যে, কর্মীদেরকে ওভারটাইম কাজ করানোর জন্য অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। যেমন- অ্যাসাইনমেন্টটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদিত আর্থিক ও প্রশাসনিক প্রবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া বাধ্যতামূলক।
প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনীয় চাহিদার ওপর ভিত্তি করে ওভারটাইম কর্মী নিয়োগ নিশ্চিত করতে হবে।
এছাড়াও, ওভারটাইম কাজের জন্য যে বেতন প্রদান করতে হবে তা নিশ্চয়ই প্রতিষ্ঠানের নিজস্ব বাজেট থেকেই দিতে হবে। এর জন্য সরকারি বাজেটে অতিরিক্ত বোঝা যোগ করা যাবে না।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ধনী দেশেগুলোর মধ্যে অন্যতম একটি হলো সৌদি আরব।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
