সারসেলে ‘সাথী ফ্যাশন ওয়ার্ল্ড’ উদ্বোধন, প্রবাসী কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

সারসেলে ‘সাথী ফ্যাশন ওয়ার্ল্ড’ উদ্বোধন, প্রবাসী কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃতি ও ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে সারসেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন প্রতিষ্ঠান “সাথী ফ্যাশন ওয়ার্ল্ড”। প্রবাসী বাংলাদেশিদের জন্য আধুনিক ফ্যাশন সামগ্রী ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু হওয়ায় স্থানীয় কমিউনিটির মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বর্তমানে ফ্রান্সে প্রায় দুই লক্ষাধিক বাংলাদেশির বসবাস রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে বাংলাদেশি কমিউনিটির পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ব্যবসা-বাণিজ্য, ফ্যাশন এবং নিত্যপ্রয়োজনীয় সেবার চাহিদাও। এই বাস্তবতাকে সামনে রেখেই প্যারিসের নিকটবর্তী বাংলাদেশি অধ্যুষিত এলাকা সারসেলে “সাথী ফ্যাশন ওয়ার্ল্ড”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গত শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, কমিউনিটি নেতা, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। “সাথী ফ্যাশন হাউস”-এর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে “সাথী ফ্যাশন ওয়ার্ল্ড”-এর যাত্রা শুরু হওয়ায় উপস্থিত অতিথিদের মধ্যেও উৎসবমুখর আবহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস সোসাইটির সভাপতি সাত্তার আলী সুমন। তিনি ফিতা কেটে নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। বক্তব্যে তিনি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন সাহসী উদ্যোগ কমিউনিটির অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠান প্রবাসীদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাথী জানান, সারসেলে বসবাসরত বাংলাদেশি ছাড়াও অন্যান্য কমিউনিটির মানুষের চাহিদা বিবেচনায় রেখেই এই প্রতিষ্ঠান চালু করা হয়েছে। তিনি বলেন, “সাথী ফ্যাশন ওয়ার্ল্ড”-এ আধুনিক, রুচিশীল ও বৈচিত্র্যময় পোশাকের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন সামগ্রী পাওয়া যাবে। গ্রাহকদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি পাওয়া শুধু ব্যবসায়িক সফলতার বিষয় নয়, বরং এটি কমিউনিটির সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করে। নতুন এই প্রতিষ্ঠান স্থানীয় তরুণদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স বিএনপির সাবেক সেক্রেটারি এম এ তাহের, ফ্রান্স বাংলাদেশ বিজনেস সোসাইটির সদস্য বাবু, শিল্পী সুমা দাস, ব্যবসায়ী শাহ মোহাম্মদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিরা “সাথী ফ্যাশন ওয়ার্ল্ড” ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের এমন উদ্যোগের প্রশংসা করেন। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই মনে করছেন, এ ধরনের নতুন ব্যবসা প্রতিষ্ঠান ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করবে এবং সামাজিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Get WordPress help, plugins, themes and tips at MachoThemes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *