রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র

রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র

নবকণ্ঠ ডেস্ক: ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা, স্মরণানুষ্ঠান এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট) ইফতেখার। কর্মসূচির শুরুতে জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের স্মারক বাণী পাঠ করে শোনান। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে অবস্থান করলেও দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সমর্থন ও সংহতি সবসময় অব্যাহত ছিল। তারা জুলাই-আগস্টের আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথাও তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি বলেন, দেশের প্রতিটি সংকট ও গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন, যা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানের শেষ পর্বে ঢাকা থেকে প্রেরিত জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আন্দোলনের নানা বাস্তবচিত্র ও আত্মত্যাগের ঘটনাবলি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের আবেগাপ্লুত করে তোলে।

 

 

অত্র সাইটের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.