রোমে বাংলা ও ইতালীয় সংস্কৃতির মেলবন্ধনে ‘কবিতা সন্ধ্যা’

রোমে বাংলা ও ইতালীয় সংস্কৃতির মেলবন্ধনে ‘কবিতা সন্ধ্যা’

নবকণ্ঠ ডেস্ক: ইতালির রাজধানী রোমে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে ইতালীয় ও বাংলাদেশি কমিউনিটির যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন ‘কবিতা সন্ধ্যা’ (Kobita Shondha)। কবিতা আবৃত্তি, সংগীত, মঞ্চনাটক ও নৃত্যের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দুই কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক আন্তঃসাংস্কৃতিক মিলনমেলার আবহ তৈরি করে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর ভেতরে শিল্প-সাহিত্যের প্রাণবন্ত পরিবেশ—সব মিলিয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে স্মরণীয়।

শান্তালিয়া কালচার অ্যান্ড ট্রাভেলের উদ্যোগে এবং স্তেফানো রোমানো, জিয়াউর রহমান ও সিমোনে চেরুল্লির যৌথ পরিচালনায় গত ৬ নভেম্বর রোমের Casa della Cultura, Tor Pignattara-তে অনুষ্ঠিত হয় ‘কবিতা সন্ধ্যা’র দ্বিতীয় আসর। প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় ইতালীয় সমাজের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি মো. মারজুক ইসলাম, মিউনিসিপিও ফাইভের প্রেসিডেন্ট মাউরো কালিসতে, বিশ্ব সংগীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী জাকারিয়া, সঞ্চারী সংগীতায়নের পরিচালক সুষ্মিতা সুলতানা এবং ইফতেখারুল আলম কনক। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

রোম থেকে আগত মিতুল, আলেসান্দ্রো, নাজিয়া, রিফাত ও শাজ্জাদ এবং প্যারিস থেকে আগত মুনির, কব্বো, আল আমিন ও কামরুল হাসনাত আপাসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে। পাশাপাশি ইতালীয় সাংস্কৃতিক সংগঠন ASINITAS-এর বিপুলসংখ্যক সদস্যের অংশগ্রহণ দুই কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের পরিবেশকে আরও প্রাণবন্ত করে।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। বৃষ্টির রিমঝিম শব্দের সঙ্গে মিলেমিশে একের পর এক কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা, মঞ্চনাটক ও নৃত্য দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। বিশেষ করে সুষ্মিতা সুলতানা এবং তাঁর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সঞ্চারী সংগীতায়নের শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। বাংলা সাহিত্য ও সংগীতের পাশাপাশি অন্যান্য পরিবেশনাও উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বাংলা কবিতাকে ইতালীয় ভাষায় অনুবাদের মাধ্যমে স্থানীয় ইতালীয় সমাজের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলা ও ইতালীয় সংস্কৃতির মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করাই ‘কবিতা সন্ধ্যা’র অন্যতম প্রধান উদ্দেশ্য। তাঁদের মতে, বহুসাংস্কৃতিক জনগোষ্ঠীর বসবাস এবং বিভিন্ন সামাজিক পূর্বধারণার বাস্তবতা থাকা টর পিগনাত্তারার মতো এলাকায় এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ পারস্পরিক বোঝাপড়া, সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকরা মনে করেন, প্রবাসে বসবাসরত অনেক প্রতিভাবান মানুষ ও কবিতাপ্রেমী নানা ব্যস্ততা, উপযুক্ত মঞ্চের অভাব কিংবা সুযোগের সীমাবদ্ধতার কারণে নিজেদের সৃজনশীল প্রতিভা প্রকাশ করতে পারেন না। ‘কবিতা সন্ধ্যা’ তাঁদের জন্য এমন একটি সাংস্কৃতিক পরিসর তৈরি করতে চায়, যেখানে ভাষা ও জাতীয়তার সীমারেখা পেরিয়ে সাহিত্য, সংগীত ও শিল্পচর্চার মাধ্যমে মানুষ একে অপরের কাছাকাছি আসতে পারবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন অতিথির অনুভূতিও আয়োজকদের অনুপ্রাণিত করেছে। তাঁদের অভিব্যক্তিতে উঠে আসে, দীর্ঘদিন ধরে সুপ্ত থাকা সৃজনশীলতার আগ্রহ ও শিল্পচর্চার আকাঙ্ক্ষা যেন এই আয়োজনের মধ্য দিয়ে নতুন করে জেগে উঠেছে। প্রবাসজীবনের নানা ব্যস্ততার মধ্যেও নিজেদের সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিচয় পুনরাবিষ্কারের এমন সুযোগ তাঁদের কাছে ছিল আবেগঘন অভিজ্ঞতা। আয়োজকদের মতে, অংশগ্রহণকারীদের এই ইতিবাচক অনুভূতিই উদ্যোগটির অন্যতম বড় সার্থকতা।

উল্লেখ্য, প্রাথমিকভাবে একটি সাহসী সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও ‘কবিতা সন্ধ্যা’ ইতিমধ্যে বাংলা ও ইতালীয় সংস্কৃতির মেলবন্ধনের একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি অর্জন করতে শুরু করেছে। প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আয়োজকদের প্রত্যাশা, আগামী বছর আরও বৃহৎ পরিসরে এবং অধিকসংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিতে ‘কবিতা সন্ধ্যা’র পরবর্তী আসর অনুষ্ঠিত হবে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.