নবকণ্ঠ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের ব্যাগেজ ড্রপ কাউন্টারে লাগেজের ওজন নিয়ে গুরুতর অনিয়ম, অতিরিক্ত অর্থ দাবি এবং যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। আরিফ নামের এয়ারলাইনটির এক চেক-ইন কর্মকর্তার বিরুদ্ধে চারটি লাগেজে অতিরিক্ত ৮ কেজি ওজন দেখিয়ে ৩৫৫ মার্কিন ডলার দাবি করার অভিযোগ করেছেন ফ্রান্স-প্রবাসী একজন বাংলাদেশি ব্যবসায়ী ও সাংবাদিক। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার পরিচয় শনাক্ত, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট ওজন মাপার যন্ত্রের নির্ভুলতা যাচাইসহ জরুরি তদন্ত চেয়ে বিমানবন্দর ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।
আবেদনে ভুক্তভোগী সাংবাদিক উল্লেখ করেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাতার এয়ারওয়েজের দোহাগামী সকাল ১০টা ৪৫ মিনিটের ফ্লাইটে ভ্রমণের জন্য তিনি ও তাঁর এক সহযাত্রী মোট চারটি লাগেজ নিয়ে বিমানবন্দরে যান। চেক-ইনের আগে বিমানবন্দরের সরকার অনুমোদিত ব্যাগেজ র্যাপিং সার্ভিস থেকে চারটি লাগেজ র্যাপিং করানো হয়। ওই সময় প্রতিটি লাগেজের ওজন পরীক্ষা করে প্রায় ২৩ কেজি পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি।

তবে কাতার এয়ারওয়েজের ব্যাগেজ ড্রপ কাউন্টারে যাওয়ার পর দায়িত্বরত আরিফ নামের এক কর্মকর্তা প্রতিটি লাগেজের ওজন ২৫ কেজি বলে জানান। অর্থাৎ চারটি লাগেজে মোট ৮ কেজি অতিরিক্ত ওজন রয়েছে বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে ভুক্তভোগী সাংবাদিক আগের ওজন পরীক্ষার ফলাফলের কথা উল্লেখ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রথমে বলেন, র্যাপিং কাউন্টারের ওজন মাপার যন্ত্র সঠিক নয়, তাঁদের কাউন্টারে ওজন মাপার যন্ত্রের পরিমাপই নির্ভুল।
যাত্রী পুনরায় র্যাপিং কাউন্টারে যোগাযোগ করে আগের ওজনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আবারও ওজন যাচাইয়ের দাবি জানিয়ে আপত্তি অব্যাহত রাখলে ওই কর্মকর্তা পরবর্তীতে তাঁদের ওজন মাপার মেশিনটি নষ্ট বলে উল্লেখ করেন। একই যন্ত্রকে প্রথমে নির্ভুল দাবি এবং পরে নষ্ট বলে উল্লেখ করার বিষয়টিকে সন্দেহজনক বলে আবেদনে তুলে ধরা হয়েছে। তাঁর অভিযোগ, ওজনের এই অসংগতির কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা না দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করা হয়। শুধু তাই নয়, এই চ্যালেঞ্জের ঘটনায় আশেপাশের যাত্রীরা টের পেয়ে গেলে তাদের মধ্যে কয়েকজন একই কারণে অতিরিক্ত অর্থ পরিশোধ করেছেন বলে জানান। এ ঘটনায় বিমানবন্দরের সংশ্লিষ্ট কাউন্টারে প্রতিদিন কতসংখ্যক যাত্রীকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এবং অতিরিক্ত অর্থ আদায়ের কোনো নিয়মিত চর্চা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কাতার এয়ারওয়েজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহিত কি না, সেটিও তদন্তের দাবি রাখে।
এ ঘটনায় একটি টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাও তাঁর প্রত্যক্ষ পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, একই কাউন্টারে একজন আমেরিকাগামী যাত্রীর প্রতিটি লাগেজে ২ কেজি করে অতিরিক্ত ওজন দেখাতে দেখেছেন তিনি।
আবেদনে আরও বলা হয়, চারটি লাগেজে অতিরিক্ত ৮ কেজি ওজন দেখিয়ে যাত্রীর কাছে ৩৫৫ মার্কিন ডলার দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ভুক্তভোগীর প্রশ্ন, প্রকৃত ওজন যথাযথভাবে যাচাই না করে কীভাবে এত বিপুল পরিমাণ অর্থ দাবি করা হলো এবং এর পেছনে কোনো অনিয়ম কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
অভিযোগকারী আরও দাবি করেন, শুধু তাঁরাই নন, ওই কাউন্টারে আরও কয়েকজন যাত্রীও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাঁদের কাছ থেকেও অতিরিক্ত অর্থ দাবি এবং রসিদ ছাড়া অর্থ গ্রহণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট যাত্রীরা। বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি সংশ্লিষ্ট কাউন্টারে দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চলছে, তা তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে কাতার এয়ারওয়েজের প্রধান কার্যালয়েও যোগাযোগ করছেন বলে জানিয়েছেন অভিযোগকারী। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।
ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করা আবেদনে ফ্রান্স-প্রবাসী সাংবাদিক এই ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার প্রকৃত পরিচয়, পদবি ও দায়িত্বের বিবরণ সংগ্রহের পাশাপাশি ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ অবিলম্বে সংরক্ষণের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে কাতার এয়ারওয়েজের ব্যাগেজ ওজন মাপার যন্ত্রটির কার্যকারিতা ও ক্যালিব্রেশন পরীক্ষা এবং সরকার অনুমোদিত র্যাপিং কাউন্টারের যন্ত্রের সঙ্গে ওজনের পার্থক্যের কারণ অনুসন্ধানের আবেদন করেছেন।
এ ছাড়া ওই সময় সংশ্লিষ্ট কাউন্টারে ব্যাগেজ জমা দেওয়া অন্যান্য যাত্রীর বক্তব্য সংগ্রহ, রসিদবিহীন অর্থ লেনদেনের অভিযোগ যাচাই এবং কাতার এয়ারওয়েজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন চাওয়ারও অনুরোধ জানানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন অভিযোগকারী।
ভুক্তভোগী যাত্রী আবেদনে বলেন, তিনি ব্যক্তিগত প্রতিহিংসা থেকে কারও বিরুদ্ধে অভিযোগ করছেন না; বরং দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের হয়রানি ও অনিয়ম বন্ধ হওয়া জরুরি। একজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান এবং দেশের ভাবমূর্তি তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। প্রয়োজনে তদন্তে সহযোগিতা এবং তাঁর কাছে থাকা প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ সরবরাহের আগ্রহ প্রকাশ করেছেন অভিযোগকারী।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে কাতার এয়ারওয়েজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা অভিযুক্ত কর্মকর্তার কোনো বক্তব্য আবেদনে উল্লেখ করা হয়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীন তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। বিশেষ করে ব্যাগেজ ওজনের যন্ত্রের নির্ভুলতা, অতিরিক্ত অর্থ দাবির কারণ এবং রসিদবিহীন অর্থ লেনদেনের অভিযোগের যথাযথ অনুসন্ধানই পারে প্রকৃত ঘটনা সামনে আনতে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
