নবকণ্ঠ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে ফ্রান্সের প্যারিসে বসবাসরত বাংলাদেশিরা আগামী ৯ সেপ্টেম্বর এক বিশাল সমাবেশ আয়োজন করতে যাচ্ছেন। বাংলাদেশ নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে। আয়োজকরা জানিয়েছেন, ফ্রান্সে বসবাসরত প্রত্যেক প্রবাসীকে এই দাবির আন্দোলনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরেই প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে ভোট প্রদানের সুযোগ চাইছেন। সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, স্বাধীনতার পর থেকে টানা ৫৪ বছরে কোনো সরকারই আন্তরিকভাবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেয়নি। অথচ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে তারা সবচেয়ে বড় অবদান রাখছেন। তাদের ভাষ্যে, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার, তাই এ অধিকার থেকে প্রবাসীরা বঞ্চিত হতে পারেন না।
বাংলাদেশ নাগরিক পরিষদের নেতারা আরও বলেন, প্রবাসীরা সবসময় বৈষম্য ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে তারা দূতাবাস ও হাইকমিশন ঘেরাও থেকে শুরু করে নানা সভা-সমাবেশ করেছেন। সর্বশেষ ৫ আগস্ট প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। তাদের মতে, এমন গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে প্রবাসীদের ভোটাধিকার আর উপেক্ষিত থাকতে পারে না।
সংগঠনের নেতারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। দ্রুত প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতির কার্যক্রম শুরু করার দাবিও জানানো হয়েছে।
স্থান ও সময়: ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, বিকাল ৩টা, Pl. Tattegrain, 75116 Paris
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
