
নবকণ্ঠ ডেস্কঃ মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন পুড়িয়ে বিক্ষোভ জানানোর ঘটনাকে ‘বর্বরতা’ হিসেবে অভিহিত করেছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
সম্প্রতি স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন ও ডেনমার্কে কোরআন পোড়ানোর মত এই জঘন্যতম ঘটনাটি ঘটেছে যা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে আর্জেন্টিনার শিয়া আলেম আব্দুল করিম পাজ কোরআন পুড়িয়ে ধর্মগ্রন্থ অবমাননার এই ঘটনার নিন্দা জানিয়ে পোপ ফ্রান্সিসকে একটি চিঠি লিখেছিলেন। তিনি তার এই চিঠিতে আরো লিখেন যে যারা এই ধরণের জঘন্য কার্য সম্পাদন করেছে তারা মূলত আব্রাহামিক ধর্মের বিরুদ্ধে।
গত মংগলবার এই চিঠির উত্তরে পোপ ফ্রান্সিস এই ধরণের ধর্ম অবমাননার ঘটনাকে বর্বর বলে আখ্যায়িত করেন। তিনি তার চিঠিতে এই ধরণের ঘটনার প্রতিরোধে বিভিন্ন দেশের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
পোপ ফ্রান্সিস এর আগেও তার দেওয়া এক সাক্ষাৎকারে আল-কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ধরণের ঘটনায় তিনি বিরক্ত ও ক্ষুব্ধ এবং এরূপ কর্মকাণ্ড বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়।
এদিকে আল-কোরআন পোড়ানোর ঘটনায় পুরো মুসলিম বিশ্বের তীব্র নিন্দা ও চাপের মুখে পড়েছে দেশ দু’টি। এরূপ ধর্ম অবমাননার ঘটনা প্রতিরোধে দেশ দু’টির সরকার আইনি ব্যবস্থা গ্রহণের কথা চিন্তা করছে বলেও জানা যায়।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
