নবকণ্ঠ ডেস্কঃ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে সোমবার টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এ তথ্য নিশ্চিত করে। আলোচনায় ভারত-পাকিস্তান উত্তেজনা, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও ইসহাক দারের স্থগিত ঢাকা সফরসহ একাধিক ইস্যুতে মতবিনিময় হয়।
ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের অপ্রমাণিত অভিযোগ, সিন্ধু জলচুক্তি স্থগিতকরণ এবং একতরফা পদক্ষেপের কারণে দক্ষিণ এশিয়ায় সৃষ্ট উত্তেজনার বিষয়ে বিস্তারিত অবহিত করেন। প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সকল পক্ষকে সংযম বজায় রাখার ও উত্তেজনা প্রশমনের তাগিদ দেন।
উভয় নেতা পাকিস্তান-বাংলাদেশের সম্পর্কের গতিশীলতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। গত বছর ৫ আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্কে নতুন গতিশীলতা আসে বলে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের ঢাকা সফর এবং ইসহাক দারের আসন্ন সফরের প্রস্তুতির কথা স্মরণ করা হয়।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২২ এপ্রিল ভারতীয় কাশ্মীরে সেনাবাহিনীর ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইসহাক দারের ২৭-২৮ এপ্রিল ঢাকা সফর স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে” সফর পেছানো হয়েছে এবং আলোচনা সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করা হবে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ লক্ষ্য করা গেছে। তবে আঞ্চলিক উত্তেজনা পুনরায় দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক কর্মকাণ্ডে প্রভাব ফেলছে বলে বিশ্লেষকদের ধারণা। উভয় দেশ সংঘাত এড়িয়ে স্থিতিশীলতা বজায় রাখা ও অর্থনৈতিক-রাজনৈতিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করলেও দক্ষিণ এশিয়ার জটিল ভূ-রাজনীতি এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলে মনে করা হয়।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
