নবকণ্ঠ ডেস্ক: প্যারিসের উপকণ্ঠের লাকর্নোভ পার্কে আনন্দঘন পরিবেশে ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ফ্রান্সে বসবাসরত সাংবাদিকদের পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পরিবারের সদস্যরা অংশ নেন। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি প্রবাসজীবনে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
ফ্যামিলি ডে ঘিরে শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। সকাল থেকে পার্কজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নানা খেলায় অংশ নিয়ে শিশু-কিশোররা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ছিল প্রীতিভোজসহ আরও নানা বিনোদনমূলক কার্যক্রম।
বিভিন্ন খেলাধুলা পরিচালনা করেন ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ সামিরা, সাংবাদিক জুনেদ ফারহান, মাসুদ আহমেদ এবং প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম। তাদের পরিচালনায় আয়োজিত প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলাধুলা শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখনজির সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কাউন্সিলর তানিয়া তনু, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুত্ফুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক নয়ন মামুন, সাংবাদিক আবুল কালাম মামুন, জুনেদ ফারহান, মাজহারুল ইসলাম, মাসুদ আহমেদ, মোহাম্মদ দুলাল মিয়াসহ প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও আয়োজনে অংশ নেন। তারা ফ্যামিলি ডের মতো আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, প্রবাসে ব্যস্ত জীবনযাপনের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ তৈরি করা এবং বাংলাদেশি কমিউনিটির পারিবারিক ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে নতুন প্রজন্মকে আনন্দময় পরিবেশে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
