নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে ব্যতিক্রমী পিঠামেলা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলার শীতকালীন পিঠা ও গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করেছে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বন্ধন পরিবার।
প্যারিসের ম্যারী দ্যা ওভারভিলার স্টুডিও টোয়েন্টি সিক্স হল রুমে অনুষ্ঠিতব্য এ পিঠামেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শনের পাশাপাশি থাকছে পিঠা প্রতিযোগিতা। একই সঙ্গে পিঠার স্টল দেওয়ার জন্য আগ্রহীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে এবং সেরা স্টলদাতাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
পিঠামেলার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে পিঠা প্রতিযোগিতা। এতে বাংলাদেশের নানা অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ, বৈচিত্র্য ও নান্দনিকতা তুলে ধরার সুযোগ থাকবে। পাশাপাশি পুরো আয়োজনজুড়ে থাকবে নৃত্য, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

বিশেষ করে ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের শীতকাল, শীতের পিঠা এবং গ্রামবাংলার আবহ ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রবাসে থেকেও সন্তানদের মধ্যে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের প্রতি আগ্রহ তৈরি করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পিঠামেলা উপলক্ষে বন্ধন পরিবারের উদ্যোগে সম্প্রতি একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় আয়োজকরা বলেন, বাংলাদেশের শীতকালীন পিঠার সমৃদ্ধ ঐতিহ্যকে প্রবাসের মাটিতে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, যারা পিঠার স্টল দিতে চান কিংবা পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী, তাদের সবাইকে এ আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রবাসের মাটিতে বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতির এই মিলনমেলাকে সফল করতে সবার উপস্থিতি, অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন তারা।
বাংলাদেশের শীতের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ, রং ও বৈচিত্র্য ফ্রান্সের মাটিতে তুলে ধরার মধ্য দিয়ে এবারের পিঠামেলা প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দ ও মিলনের এক বিশেষ উপলক্ষ হয়ে উঠবে—এমন প্রত্যাশাই করছেন আয়োজকরা।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
