ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি যুবক গুলিবিদ্ধ

নবকণ্ঠ ডেস্কঃ আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্মন্টে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে তিন তরুণ ফিলিস্তিনি পুরুষকে গুলি করা হয়েছে।
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির মধ্যেই এমন একটি ঘটনা ঘটলো মার্কিন যুক্তরাষ্ট্রে।

মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী গত শনিবার সন্ধ্যায় বার্লিংটন শহরের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছেই এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ তিন যুবকের নাম হলো- হিশাম আওয়ারতানি, কিন্নান আবদেল হামিদ এবং তাহসিন আহমেদ। তারা দেশটির তিনটি ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে বলে জানা গেছে।
পশ্চিম তীরে অবস্থিত রামাল্লা ফ্রেন্ডস স্কুলে গুলিবিদ্ধ তিনজন একসাথে পড়াশোনা করতো বলে জানা গেছে। সেই স্কুলের এক ফেসবুক বিবৃতি থেকে জানা গেছে যে, হিশাম পিঠে গুলিবিদ্ধ হয়েছেন, তাহসিন বুকে গুলিবিদ্ধ হয়েছেন এবং কিন্নান সামান্য আঘাত পেয়েছেন।

আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি ( এডিসি ) জানিয়েছে যে, আক্রান্তদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং একজনকে রবিবার মুক্তি দেওয়ার কথা ছিলো।

হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। এ বিষয়ে আল জাজিরা বার্লিংটন পুলিশের সাথে যোগাযোগ করতে চাইলে তারা কোনো সাড়া দেয়নি।
তবে এডিসি’র মতে, ওই তিন যুবক আরব হওয়ার কারণে এ হামলার শিকার হয়েছে এবং এর পেছনের কারণ হিসেবে ঘৃণা সুস্পষ্ট।

এডিসি এ ঘটনার তদন্ত করতে সে দেশের আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে। তাদের মতে আরব-বিরোধী এবং ফিলিস্তিনি-বিরোধী মনোভাবের এই উত্থান নজিরবিহীন এবং ঘৃণা সহিংসতায় রূপ নেওয়ার আরেকটি উদাহরন হলো এই ঘটনাটি।

উল্লেখ্য, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এবং ড্যামোক্রেটিক উভয় দলের রাজনীতিবিদরাই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছেন এবং দেশটিতে ফিলিস্তিনি-বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে।

 

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.