নবকণ্ঠ ডেস্ক: প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা প্যারিসে বাংলাদেশ দুতাবাসের সামনে এক সমাবেশ করেছেন। নানা প্রজন্মের বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিকে সচল রাখতে নিরলসভাবে রেমিট্যান্স পাঠালেও দীর্ঘ ৫৪ বছর ধরে তাদের ভোটাধিকার প্রশ্নে শুধু ‘মুলা ঝুলিয়ে রাখা’ হয়েছে। অথচ ভোটাধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। বক্তারা অভিযোগ করেন, কোনো সরকারই এ বিষয়ে আন্তরিক উদ্যোগ দেখায়নি।
বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্বর এবং পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি ইমরান আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, আইসা পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ, অনলাইন একটিভিস্ট মীর জাহান, ইউরো বার্তা সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম, বরিশাল কমিউনিটি সেক্রেটারি মনিরুল ইসলাম, এটিএন বাংলা রিপোর্টার রাবেয়া আক্তার সুবর্না, সাংবাদিক নয়ন মামুন, ইডনি মুসলিম উদ্দিন, সাংবাদিক মো. আব্দুল মালিক হিমু, সাংবাদিক এনায়েত হুসেন সুহেল, কার্যনির্বাহী সদস্য ফারিয়া মাহবুবা আলম, বন্ধন পরিচালক শিউলি গিয়াস, ট্রেজারার আরিফুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব জিয়া উদ্দিন চৌধুরী ও প্রবাসের আলো সম্পাদক ওমর ফারুক। এছাড়া ফরাসি ভাষায় বক্তব্য দেন শুভেচ্ছা শেখ। সমাবেশে দেশাত্মবোধক গান পরিবেশন করেন প্যারিস শিল্পী গোষ্ঠীর সদস্যরা।
বক্তারা স্মরণ করিয়ে দেন, ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে বিদেশের মাটিতেও প্রবাসীরা বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন। ব্যক্তিগত ঝুঁকি নিয়েও তারা প্রতিবাদে অংশ নিয়েছিলেন এবং তৎকালীন শাসনব্যবস্থার আরোপিত ইন্টারনেট ব্ল্যাকআউটের বিরুদ্ধে রেমিট্যান্স বন্ধ আন্দোলন গড়ে তুলেছিলেন, যা বিদ্রোহকে আরও জোরালো করে। ফ্রান্সে প্রবাসীরা প্লাস দো লা বাস্তিল, প্লাস দো লা নেশন ও প্লাস দো লা রিপাবলিক এলাকায় মিছিল করেছেন। বিশেষ করে প্লাস দো লা রিপাবলিক সেই সময় প্রতীকী বাংলাদেশে পরিণত হয়েছিল, যেখানে পাঁচ হাজারেরও বেশি প্রবাসী অংশ নেন। বক্তারা শহীদদের ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং অবিচার-নিপীড়ন থেকে মুক্তির জন্য তাদের অবদানকে চির কৃতজ্ঞতায় স্বীকার করেন।
প্রবাসীরা বলেন, তারা এমন এক বাংলাদেশ দেখতে চান যেখানে শুধু উন্নয়ন নয়, বরং আইনের শাসনের ভিত্তিতে গড়ে ওঠা সমতা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। বক্তাদের মতে, যদি এবারও প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ না দেওয়া হয়, তাহলে আর কখনোই তা কার্যকর হবে না। তাই আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এছাড়া বক্তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, দৃশ্যমান উদ্যোগ নিয়ে বিদেশে অবস্থানরত নাগরিকদের ভোটার তালিকাভুক্ত করতে হবে এবং তাদেরকে দেশের সঙ্গে একযোগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। সমাবেশ শেষে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের পক্ষ থেকে সভাপতি আবুল খায়ের লস্বরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
