নবকণ্ঠ ডেস্কঃ সরকার প্রবাসীদের জন্য সব ধরনের সেবা দ্রুততম সময়ে অনলাইনভিত্তিক করবে। এ ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। গত বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদ, শিক্ষার্থী ও পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ দূতাবাস, প্যারিসের উদ্যোগে অভিজাত রেস্তোরাঁ ‘জাওয়াদ’-এ আয়োজিত এ আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। দূতাবাসের হেড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাসেম সঞ্চালনায় অনুষ্ঠানে প্রযুক্তিখাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা হয়।
ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ই-কমার্স ও প্রযুক্তিখাতে গত সরকারের আমলের দুর্বৃত্তায়নে জনআস্থা ভেঙে পড়েছে। আমাদের লক্ষ্য শহর থেকে গ্রাম পর্যন্ত প্রযুক্তির সমতাভিত্তিক বিস্তার ঘটানো এবং প্রবাসীদের সেবায় ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা।
অংশগ্রহণকারীরা পাসপোর্ট নবায়ন, ভোটার তালিকাভুক্তি, কনস্যুলার সেবা ও আর্থিক লেনদেনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো “এক ক্লিকে” সম্পূর্ণ করার দাবি জানান। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত তালহা নিশ্চিত করেন, “দূতাবাস ইতোমধ্যে ৭২% সেবা অনলাইনে স্থানান্তর করেছে। বাকিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে ডিজিটালাইজড করা হবে।”
জনাব ফয়েজ আহমদ তৈয়্যব জানান সরকারের পরিকল্পনায় রয়েছে, প্রবাসী প্রযুক্তিবিদদের পরামর্শে “ডিজিটাল প্রবাসী প্ল্যাটফর্ম” তৈরি করা, গ্রামীণ পর্যায়ে হাই-স্পিড ইন্টারনেট সংযোগের সম্প্রসারণ। এছাড়াও ই-কমার্স খাতের তদারকিতে “সাইবার ট্রাইব্যুনাল”-এর কার্যকারিতা বাড়ানো।
বাংলাদেশে বর্তমানে ১.২ কোটিরও বেশি প্রবাসী রয়েছেন, যাদের প্রেরিত রেমিট্যান্স জিডিপির ৪.৫%। বিশেষজ্ঞরা মনে করেন, সেবার ডিজিটালাইজেশন প্রবাসীদের জীবনযাত্রা সহজলভ্য করার পাশাপাশি বৈদেশিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
