নবকণ্ঠ ডেস্কঃ সম্প্রতি বাংলাদেশ জামাআতে ইসলামী রংপুরে তাদের অমুসলিম কমিটি ঘোষণা করেছে। রংপুরের পীরগাছা সদর ইউনিয়নএ জামাআতে ইসলামীর শাখা গঠন করা হয়। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলা জামায়াতের অফিসে কমিটির নাম ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার।
এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জনমনে। একটি ইসলামী দলে অমুসলিমদের প্রবেশাধিকার থাকতে পারে এমন ধারণা অনেকের কাছেই নতুন। এ বিষয়ে জামায়াত ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেছেন অনেক আগে থেকেই জামাআতে ইসলামীতে অমুসলিমদের জন্য জায়গা আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি জানান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা একনিষ্ঠভাবে কাজ করবে, জামায়াতের নিয়ম শৃঙ্খলা এবং রাজনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে যারা গুরুত্ব প্রদান করবে তারা অমুসলিম হলেও জামায়াতের সদস্য হতে পারবে।
তিনি আরও বলেন, নাগরিক অধিকারের ক্ষেত্রে জামায়াত সবার জন্য সমান অধিকার নিশ্চিত করে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের একটি আদর্শিক অবস্থান রয়েছে। আদর্শিক অবস্থান ও নাগরিক অধিকার এক নয়। জামায়াত ব্যক্তি, গোষ্ঠী বা দলের নাগরিক ও রাজনৈতিক অধিকার হরণে বিশ্বাস করে না।
তিনি সংগঠনটির গঠনতন্ত্রের উদ্ধৃতি দিয়ে বলেন, সংগঠনের গঠনতন্ত্রের পরিশিষ্ট-১১-এ সুস্পষ্টভাবে চারটি বিষয়ের উল্লেখ আছে যে চার বিষয়ে একমত হয়ে থাকলে হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টানসহ যেকোনো মানুষই এই শাখার অধীনে জামায়াতে দলভুক্ত হতে পারবে।
উল্লেখ্য সে চারটি বিষয় হচ্ছে:
১.বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য বা সদস্যা হিসেবে জামায়াতের নিয়ম শৃঙ্খলা ও সিদ্ধান্তসমূহ নিষ্ঠার সঙ্গে মেনে চলতে হবে।
২. জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নকে গুরুত্ব প্রদান করতে হবে।
৩. বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একনিষ্ঠভাবে ভূমিকা পালন করতে হবে।
৪. উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

