প্যারিস সিতে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেল তাসনিমুল হাসান নাসিফ

প্যারিস সিতে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেল তাসনিমুল হাসান নাসিফ

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান Paris Cité University-এ অধ্যয়নের সুযোগ অর্জন করেছে তাসনিমুল হাসান নাসিফ। জীবনবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান শিক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ছোটবেলা থেকেই তাসনিমুল হাসান নাসিফ মেধা, অধ্যবসায় ও শিক্ষাগত কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। বিভিন্ন সময়ে একাডেমিক সাফল্যের মাধ্যমে সে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। তার ধারাবাহিক এই সাফল্যের পথচলায় নতুন সংযোজন হলো বিশ্বের অন্যতম স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ লাভ।

এর আগে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে জুনিয়র পর্যায়ে ফ্রান্সের মাখসাই শহরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে “মার্সেই সিটি ও স্কুল তহবিলের সম্মাননা পুরস্কার” অর্জন করে সে প্রশংসা কুড়িয়েছিল। অল্প বয়সেই এমন স্বীকৃতি তার ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত বহন করেছিল বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সম্প্রতি প্যারিস সিতে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য নির্বাচিত হওয়ার মাধ্যমে নাসিফ তার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। জীবনবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পাওয়াকে তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

তাসনিমুল হাসান নাসিফ ফ্রান্সের মাখসাই শহরপ্রবাসী সোহেল আহমেদ সোহেল ও নাবিলা হেনা আহমদের দ্বিতীয় সন্তান। সন্তানের এ সাফল্যে পরিবারটির সাথে বাংলাদেশি কমিউনিটিও আনন্দিত। তারা আশা করছেন, ভবিষ্যতে নাসিফ চিকিৎসা, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনবে।

এ উপলক্ষে নবকণ্ঠের সম্পাদক ও সাংবাদিক আবু তাহির বলেন, “তাসনিমুল হাসান নাসিফের এই অর্জন শুধু একটি পরিবারের গর্ব নয়, বরং পুরো প্রবাসী কমিউনিটির জন্যও একটি অনুপ্রেরণামূলক উদাহরণ। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তার সাফল্য থেকে উৎসাহ পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখবে।”

তিনি আরও বলেন, “অধ্যবসায়, কঠোর পরিশ্রম, লক্ষ্যনিষ্ঠা এবং সঠিক দিকনির্দেশনা থাকলে বিশ্বমানের প্রতিষ্ঠানে নিজেদের অবস্থান তৈরি করা সম্ভব। নাসিফের এই সাফল্য সেই বাস্তবতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

তাসনিমুল হাসান নাসিফ তার উচ্চশিক্ষা জীবনের নতুন অধ্যায় শুরু করতে সবার দোয়া ও শুভকামনা কামনা করেছে। একই সঙ্গে তার পরিবারের পক্ষ থেকেও তার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীণ সাফল্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *