
নবকণ্ঠ ডেস্কঃ গত ১৭ নভেম্বর ( শুক্রবার ), মালদ্বীপের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ মুইজ্জু এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন হুসেইন মোহাম্মদ লতিফ। দেশটির সংবিধানের ১১৪ অনুচ্ছেদের অধীনে ডক্টর মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপ প্রজাতন্ত্রের ৮ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন।
গতকাল সন্ধ্যায় রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত গণ মজলিসের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি তার শপথ গ্রহণ করেন। মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি ডক্টর মুইজ্জু শপথপত্রে স্বাক্ষর করেন। উক্ত শপথপত্রে প্রধান বিচারপতি এবং সংসদের স্পিকার মোহাম্মদ আসলাম সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতি ডক্টর মুইজ্জুর শপথ গ্রহণের পর ২১ বন্দুকের স্যালুট এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়াও রাষ্ট্রপতির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ, প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ওয়াহেদ। এছাড়াও উপস্থিত ছিলেন নতুন এবং পুরাতন প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের আমন্ত্রিত ৪৬টি বিদেশী দেশের প্রতিনিধি দল সহ প্রায় ৩০০ জন বিদেশি মেহমান। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, বাংলাদেশে তথ্যমন্ত্রী ড. হাসান মাহামুদ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি এবং স্টেট কাউন্সিলর শেন ইজিন, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি এবং বুসান সিটির মেয়র পার্ক হিউ জুনও, জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ও উপ-পররাষ্ট্রমন্ত্রী কোমুরা মাসাইসোও।
শপথ গ্রহণ শেষে গণমজলিসে নব নির্বাচিত ৮ম রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ তার উদ্বোধনী ভাষণ প্রদান করেন। ভাষণ প্রদান কালে তিনি তার দৃষ্টিভংগি এবং পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

