ফ্রান্সে লা গ্লোব মসজিদে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফ্রান্সে লা গ্লোব মসজিদে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার লা গ্লোবের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মসজিদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মক্তবের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মসজিদের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মক্তবের শিক্ষক আরিফ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীরা হামদ, নাত এবং সংক্ষিপ্ত ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মক্তবের পরিচালক নুরুল ইসলাম, শিক্ষক বেলায়েত খানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা মসজিদ ও মক্তবের শিক্ষা, নৈতিকতা বিকাশ এবং সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ফ্রান্সের মতো ইউরোপীয় দেশে বেড়ে ওঠা শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা, মাতৃভাষা এবং নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে মক্তবের শিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের কোরআন শিক্ষা, ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তারা আরও বলেন, সন্তানদের পার্থিব শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সচেতন, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মক্তবের বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এবং নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বাংলাদেশি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার লা গ্লোবের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা ও নৈতিকতা বিকাশমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

 

©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.