নবকণ্ঠ ডেস্কঃ ইন্টারনেট শাটডাউনের সময় গুগল ক্রোমের ডাইনোসর গেমের মতোই এবার ভাইরাল হলো রাজনৈতিক ব্যঙ্গধর্মী গেম ‘দৌড়াও হাসিনা দৌড়াও’। গেমটিতে হাসিনাকে দৌড়াতে দেখা যায়, যেখানে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস কাঁটা হাতে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছেন। মাত্র এক রাতেই সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো গেমটি এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার বার খেলা হয়েছে। গেমটির নির্মাতা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তাসরিফ বিন মিজান জানান, এটি তৈরি হয়েছে জনপ্রিয় ডাইনোসর গেমের অনুপ্রেরণায় তিনি এটি তৈরি করেছেন।
গেমটিতে খেলোয়াড়দের হাসিনার চরিত্রকে সামনে এগিয়ে নিতে হয়, যেখানে ইউনূসের কাঁটা এড়িয়ে শেখ মুজিবের ছবিযুক্ত কয়েন সংগ্রহ করতে হয়। পটভূমিতে ভারতের পতাকা ও নরেন্দ্র মোদির ছবি যুক্ত করা হয়েছে। গেম শুরুর সঙ্গেই বাজে হাসিনার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা ‘নিঃস্ব আমি রিক্ত আমি…’। তবে গেমের চূড়ান্ত মজা আসে হেরে যাওয়ার পর। চরিত্রটি পড়ে গেলেই শোনা যায় – ‘কী অপরাধটা করেছি আমি?’
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গেমটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে, এবং এখন পর্যন্ত এটি তিন লাখ ৪০ হাজারেরও বেশি বার খেলা হয়েছে। তবে এটি শুধু হাসি-তামাশার খোরাক জুগিয়েছে এমন নয়, বরং শুরু হয়েছে বিতর্কও। কারও কাছে এটি নিছক ব্যঙ্গাত্মক বিনোদন, আবার অনেকেই একে অসম্মানজনক বলে মনে করছেন।
তাসরিফ জানালেন, গেম প্রকাশের পর থেকেই তিনি প্রচুর হুমকি পাচ্ছেন—কেউ বলছেন তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, কেউবা গেমের সাইট হ্যাক করার হুমকি দিচ্ছেন। তবে এ নিয়ে তিনি খুব একটা বিচলিত নন, কারণ এমন কিছু যে ভাইরাল হবেই, তা তিনি আগেই জানতেন।
তাসরিফের মতে, গেমটি বাংলাদেশের রাজনৈতিক হতাশা ও ক্ষোভের সৃজনশীল প্রকাশ। তিনি এটিকে ‘ভাইরাল মিম’ বলেই বিবেচনা করেন, যা বাণিজ্যিক লক্ষ্য ছাড়াই শুধু বর্তমান প্রেক্ষাপটকে বিদ্রূপ করতে তৈরি। গেমটি ইতোমধ্যে প্লেয়ারদের কাছ থেকে ২৬ ডলার অর্থ সমর্থন পেয়েছে, যা তাকে ভবিষ্যতে বড় প্রকল্পে উৎসাহিত করতে পারে। তবে তাসরিফের মূল লক্ষ্য স্টিম বা নিন্টেন্ডো সুইচের মতো প্ল্যাটফর্মে বাণিজ্যিক গেম তৈরি করা।
আপাতত তিনি নতুন গেমের পরিকল্পনা করলেও রাজনৈতিক স্যাটায়ারের বদলে মূলধারার গেমিং জগতেই ফিরতে চান। তার ভাষায়, ‘ভাইরালিটি ক্যারিয়ারে টেকসই নয়, গেমিং ইন্ডাস্ট্রিতে স্থায়ী হওয়াই লক্ষ্য।’* তবে ‘দৌড়াও হাসিনা দৌড়াও’ ইতিমধ্যেই প্রমাণ করেছে—ডিজিটাল মাধ্যমেও রাজনৈতিক সমালোচনার ভাষা কতটা সৃজনশীল ও প্রভাবশালী হতে পারে!
-১৯১
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।


https://bn.thereport.live/youth/run-haseena-run-the-game-that-stirred-up-a-storm-on-social-media/51506