নবকণ্ঠ ডেস্কঃ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে শুক্রবার সন্ধ্যায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। তরুণ প্রজন্মের অংশগ্রহণে গঠিত এই দলের লক্ষ্য গণতান্ত্রিক ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। সন্ধ্যা ৬টায় মঞ্চ থেকে দলের কমিটি ঘোষণা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন। জুলাই আন্দোলনে শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ও নেতৃত্বের তালিকা ঘোষণা করেন। এছাড়া ১৬ জন যুগ্ম আহ্বায়ক ও ৩০ জন যুগ্ম সদস্যসচিব এর নাম প্রকাশ করা হয়। যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন নুসরাত তাবাসসুম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, ড. আতিক মুজাহিদ, অনিক রায়, তাজিল মাহমুদসহ অনেকে। যুগ্ম সদস্যসচিব তালিকায় আবদুল্লাহ আল আমিন, মাহিন সরকার, সালেহ উদ্দিন সিফাত, হুমায়রা নূর, সাগুফতা বুশরাসহ নারী-পুরুষের সমন্বয়ে তরুণদের উপস্থিতি লক্ষণীয়।
দলের আঞ্চলিক সংগঠনেও তরুণ নেতৃত্বের প্রতিফলন দেখা গেছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ, যার সঙ্গে যুগ্ম সংগঠক হিসেবে রয়েছেন ৫ জন। অন্যদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে ৮ জন যুগ্ম সংগঠক কাজ করবেন। এছাড়া ১৩ জনকে যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে রাহাত, দিলশানা পারুল, ডা. জাহিদুল বারী ও মারজুক আহমেদের নাম উল্লেখযোগ্য।
দলটির পক্ষ থেকে আবদুল হান্নান মাসুদ ঘোষণা করেন, আমরা কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের। এই দল তরুণদের স্বপ্ন ও উদ্যোগকে রাজনীতির মূলধারায় যুক্ত করতে চায় বলে জানানো হয়। নাগরিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও সুশাসনের প্রতিশ্রুতির পাশাপাশি দলটি যুবসমাজের অংশগ্রহণে বিকেন্দ্রীকৃত নেতৃত্ব গঠনে জোর দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের এই উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ মোকাবিলা ও গণমুখী এজেন্ডা বাস্তবায়নে দলটির সামনে বড় পরীক্ষা থাকবে বলে মত তাদের।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
