নবকণ্ঠ ডেস্ক: ইতালির রাজধানী রোমে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা অংশ নিয়ে স্থানীয় প্রশাসনে অভিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বহু বছর ধরে রোমে বসবাস ও নিয়মিত কর প্রদান করলেও অ-ইতালিয়ান নাগরিকরা স্থানীয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। অথচ তারা ইতালির সমাজ, অর্থনীতি ও সাংস্কৃতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই গণতান্ত্রিক অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তির স্বার্থে বৈধ রেসিডেন্সধারী বিদেশি নাগরিকদের জন্য ভোটাধিকার এবং প্রতিনিধিত্বমূলক কাঠামো গঠন এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, স্থানীয় প্রশাসনে অংশগ্রহণের সুযোগ পেলে প্রবাসীরা নিজেদের সমস্যা, চাহিদা ও কমিউনিটির বিভিন্ন বিষয় আরও কার্যকরভাবে তুলে ধরতে পারবেন। এতে অভিবাসী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় এবং পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু। এছাড়াও ইতালির বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও অভিবাসীবিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং রোমভিত্তিক বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা অভিবাসীদের অধিকার রক্ষায় ইতালিয়ান সরকারের প্রতি আরও ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, ইতালিতে বৈধভাবে বসবাসরত অভিবাসীরা শুধুমাত্র শ্রমশক্তির অংশ নন, বরং দেশটির সামগ্রিক উন্নয়ন ও বহুসাংস্কৃতিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার।
সংবাদ সম্মেলন শেষে আয়োজক ও প্রবাসী নেতারা আশা প্রকাশ করেন, ইতালিয়ান সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে স্থানীয় প্রশাসনে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Sounds like an important discussion for expats. What specific changes are they hoping to achieve with this conference?