নবকণ্ঠ ডেস্কঃ ‘বাংলাদেশে এখন আর খালিপায়ে মানুষ দেখা যায় না, সহজে ছেঁড়া কাপড় পড়া মানুষ দেখা যায় না, এটি বদলে যাওয়া বাংলাদেশের চিত্র’ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদকে দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি এই কথা তুলে ধরেন।
ব্রাসেলসে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীর রতন ও সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন পলিনের যৌথ সঞ্চালনায় এ সংবর্ধণা অনুষ্ঠানে স্হানীয় প্রবাসীরা ঢাকায় বেলজিয়ামের দূতাবাস স্থাপনের সরকারের উদ্যোগের দাবি জানান। মন্ত্রী এ বিষয়টি সময়মত উত্থাপন করবেন বলে আশ্বাস দেন।
দেশের বদলে যাওয়া চিত্র তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, “একসময়ের তলাবিহীন ঝুড়ি আখ্যা দেওয়া বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নেই। দুই দশকেরও বেশি সময় ধরে অর্থনৈতিক কিংবা সামাজিক ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ।”
অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশী ও আওয়ামী লীগ নেতারা বলেন, বর্তমান বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি শিশুরা পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ও বর্তমান সরকারের উন্নয়ন চিত্র নৃত্যের মাধ্যমে তুলে ধরে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে, সাবেক রাষ্ট্রদূত ইসমাত জাহান ,আওয়ামী লীগ নেতা ডঃ ফারুক মির্জা ,স্থানীয়-কমিশনার মোতাহার হোসেন চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ও বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল। অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

