নবকণ্ঠ ডেস্কঃ কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল একটি উৎসবমুখর ও স্বচ্ছ পরিবেশে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীসহ মোট ৪৬২ জন ভোটার এ প্রক্রিয়ায় অংশ নেন। ভোটাররা নাম উল্লেখ করে টোকেন সংগ্রহ করে সংশ্লিষ্ট বুথে ভোট দেন। কলেজের মুক্তমঞ্চের পাশে পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়।
সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল কলেজে উপস্থিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন। নাছির উদ্দীন নাছির বলেন, “গণ-অভ্যুত্থানের পর এটিই কুষ্টিয়া সরকারি কলেজে প্রথম ভোটের মাধ্যমে নেতা নির্বাচন। সাধারণ শিক্ষার্থীরাই তাদের নেতা বেছে নিচ্ছেন, যা গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি আরও উল্লেখ করেন, দেশে স্থিতিশীলতা নিশ্চিত হলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব স্তরে গণতন্ত্র চর্চা জোরদার করা হবে।
সভাপতি পদে প্রার্থী ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের শেষ বর্ষের জাসির আহমেদ মসনদ ও তৃতীয় বর্ষের মোতাসিম বিল্লাহ নয়ন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সজীব আলী, শিমুল হোসেন ও শোয়েব আক্তার সামি। বিকাল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি নির্বাচিত হন জাসির আহমেদ মসনদ। তিন পান ২৩৯ ভোট। অপরদিকে ১৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচবত হন মো. শিমুল হোসেন। উভয়েই দলের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ নির্বাচন ছাত্র রাজনীতিতে গণতন্ত্র ও স্বচ্ছতার নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
