নবকণ্ঠ ডেস্কঃ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রীতি, ঐতিহ্য ও সামাজিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি পহেলা বৈশাখকে বাঙালির “সম্প্রীতির দিন” ও “মহামিলনের দিন” আখ্যায়িত করে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি এ দিনে নবপ্রাণে জেগে ওঠে। বছরের গ্লানি ভুলে আনন্দ-সৌহার্দ্যে মিলিত হওয়ার এ দিন বাঙালির চিরায়ত ঐতিহ্যের প্রতীক।”
তিনি বাংলা সনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “মুঘল সম্রাট আকবর কৃষি সুবিধার্থে বাংলা সনের গণনা শুরু করলেও কালের পরিক্রমায় এটি বাঙালির সাংস্কৃতিক চেতনার প্রতীকে পরিণত হয়েছে।” তার মতে, নববর্ষের উৎসব কেবল আবেগের নয়, সামাজিক সংহতিরও সূতিকাগার।
ড. ইউনূস গত বছরের “অসুন্দর ও অশুভ” অভিজ্ঞতা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার ডাক দেন। তিনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, “এ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুযোগ এনেছে। বৈষম্যমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গঠনই হোক নববর্ষের অঙ্গীকার।” তার ভাষ্য অনুযায়ী, নববর্ষের প্রেরণায় সমাজের সর্বস্তরে সুখ-সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।
তিনি নববর্ষের সকল সাংস্কৃতিক আয়োজনের সাফল্য কামনা করেন এবং জাতিকে ঐক্যবদ্ধভাবে সামাজিক বৈষম্য দূরীকরণে এগিয়ে আসার আহ্বান জানান।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

