রোমানিয়া এসে এ কি দুর্দশায় পড়ছেন বাংলাদেশিরা!

রোমানিয়া এসে এ কি দুর্দশায় পড়ছেন বাংলাদেশিরা!

নবকণ্ঠ ডেস্কঃ ওয়ার্ক পারমিট বা কাজের ভিসায় রোমানিয়ায় গিয়ে দুর্দশায় পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। নির্মাণ খাতের কাজ নিয়ে রোমানিয়ায় এসে প্রতিশ্রুত বেতন না পাওয়ার অভিযোগ করেছেন একদল বাংলাদেশি শ্রমিক৷ কর্মক্ষেত্রে নানা বঞ্চনার শিকার হচ্ছেন তারা৷ দেশটির রাজধানী বুখারেস্টে শোচনীয় পরিস্থিতিতে কোনোমতে টিকে আছেন এসব বাংলাদেশিরা৷ অভিবাসন নিয়ে সংবাদ প্রকাশকারী পোর্টাল ইনফোমাইগ্রেন্টসের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বুখারেস্টে একতলা একটি ভবনে প্রায় ৫০ জন দক্ষিণ এশীয় অভিবাসী কর্মীর বসবাস৷ সেখানে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায় বাংলাদেশি শ্রমিকও। জানা যায় বাংলাদেশ তারা ৭ লক্ষ টাকার বেশী খরচ করে এখানে এসেছে কিন্তু তাদের প্রতিশ্রুত পরিমাণ মজুরি তারা পাচ্ছেন না। উল্টো বেতন থেকে প্রতিমাসে কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান ২০০ থেকে ৪০০ লিউ কেটে রাখা হচ্ছে বলে অভিযোগ জানান তারা। নেই চিকিৎসা ভাতা বা অন্যান্য কোনো সুযোগ-সুবিধা৷ শুধু তাই নয়, কেন বেতন কাটা হচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠান সেই ব্যাখ্যাটুকুও দেয় না বলে কেউ কেউ অভিযোগ করেছেন৷

এই অভিবাসীদের অভিযোগ রোমানিয়ায় আসার পর তারা টিআরসি বা সাময়িক বসবাসের যে অনুমতিপত্র পেয়েছেন তা কেড়ে নেয়া হয়, যাতে অন্য কোনো কোম্পানিতে তারা কাজ নিতে না পারেন৷ এমনকি বেতন-ভাতা বা কাজ নিয়ে অসন্তোষের কথা জানালে নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে বলেও হুমকি দেয়৷ এমন অবস্থায় তারা অন্যায়ের শিকার হলেও একই কোম্পানিতে কাজ করে যেতে বাধ্য হন৷

এই অভিবাসী জানান, শুরুতে কোম্পানি তাদের পাসপোর্টও জমা নিয়ে নেয়৷ কিন্তু পরে সবাই মিলে আন্দোলনের পর পাসপোর্ট ফেরত দেয়া হয়েছে৷

ইউরোপের একটি দেশে এই অভিবাসীরা যে পরিবেশে থাকেন তা দেখে যে কেউ অবাক হতে পারেন৷ বড়জোর দুই জনের থাকার মতো একটি কক্ষে বাঙ্কার বেডে ছয় থেকে দশ জনও থাকেন সেখানে৷ ঘিঞ্জি ও স্যাঁতস্যাঁতে পরিবেশে আছে ছারপোকার যন্ত্রণা, যার কারণে ঘুমানোই কঠিন হয়ে পড়ে বলে জানান তারা৷

শধু যে বাংলাদেশিরাই আছেন সেখানে তা নন, আছেন ভারতীয় অভিবাসীরাও৷ তাদের পরিস্থিতিও একই৷ কর্মক্ষেত্রে প্রতিশ্রুত বেতন, সুযোগ-সুবিধা না পাওয়াসহ থাকার শোচনীয় পরিস্থিতির চিত্র তুলে ধরেন তাদের কয়েকজন৷

রোমানিয়ায় এই পরিস্থিতিতে থাকতে হবে সে কথা ভাবেননি এই অভিবাসীদের কেউই৷ সবারই স্বপ্ন ছিল ইউরোপের দেশে কর্মক্ষেত্রে তাদের যথাযথ অধিকার থাকবে, জীবন-যাপনের ন্যূনতম সুযোগ-সুবিধাগুলো তারা পাবেন৷ নিয়মিত বা বৈধ প্রক্রিয়ায় কাজ নিয়ে এসেও এমন পরিস্থিতির কারণে হতাশ তাই অনেকে৷

উল্লেখ্য, রোমানিয়ায় গত কয়েক বছরে অনেক বাংলাদেশি কাজের ভিসা নিয়ে এসেছেন৷ তাদের অনেকে সীমান্ত পেরিয়ে অনিয়মিত পথে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে বিভিন্ন সময়ে ধরা পড়েছেন৷ অভিবাসীদের অভিযোগ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে তারা অনেকেই এই পথ বেছে নেন৷ তবে রোমানিয়ায় এসে ভালো বেতনে ও সুযোগ-সুবিধা নিয়ে চাকরি করছেন এমন উদাহরণও আছে৷

মোহাম্মদ মুকুল নামে একজন অভিবাসী বলেন, ‘রোমানিয়ায় ভালো কোম্পানিও আছে৷ খারাপ কোম্পানিও আছে৷ অনেক কোম্পানি আছে যাদের টিআরসি জমা দিতে হয় না৷’

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.