
নবকণ্ঠ ডেস্কঃ গত ২৩ অক্টোবর ( সোমবার ), ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার : বাংলাদেশ-ফ্রান্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’।
ঐতিহাসিক এ ইভেন্টটি আয়োজন করা হয়েছিলো প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ওপেরা বলরুমে। বিএসইসি ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে; যা ফ্রান্স এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
ইভেন্টটি আয়োজনে সহযোগি হিসেবে ছিলো পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের দূতাবাস।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট পিয়েরে জিন মালগুয়েরেস, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরিয়ে মাসদুপিয়ে, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, বাংলাদেশ সরকার ও ফ্রান্স সরকার এর উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সেক্টর নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত অতিথিরা। বক্তব্য প্রদানকালে তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনীতির পরিস্থিতি এবং এফডিআইয়ের বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা অতিথিদের সামনে তুলে ধরেন।
এছাড়াও, দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে অতিথিদের সামনে বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। বিশেষ করে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা কীভাবে শেয়ারবাজারে সরাসরি বিনিয়োগ করবেন, তার কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়।
এসময় ফরাসি শীর্ষ ব্যবসায়ীরা জানান যে, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করার চিন্তা করছে প্যারিস।
গত দেড় মাস আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বাংলাদেশ সফর করেছেন। উক্ত সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছ। যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘মেইড ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ এর গার্মেন্টেস শিল্পের অগ্রযাত্রাকে তুলে ধরা হয়।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
