ফ্রান্সে সফল নারী উদ্যোক্তা মাহমুদা রহমান
এন আই মাহমুদঃ প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থলে সাফল্যের গল্প আমরা প্রায়ই শুনে থাকি। ইউরোপে অভিবাসী বাংলাদেশীদের বড় একটি অংশ নিজেদের দক্ষতাভিত্তিক ব্যবসার মাধ্যমে সাবলম্বী হয়ে উঠছেন। স্বাবলম্বী হওয়ার এ দৌড়ে পুরুষের পাশাপাশি এগিয়ে চলেছেন নারীরাও। ফ্রান্সে নারী উদ্যোক্তা মাহমুদা রহমানও সেই সংগ্রামী নারীদের একজন।

মাহমুদা রহমান এর গ্রামের বাড়ি বরিশাল জেলায়। ফ্রান্সে আসার পর থেকে উপলদ্ধি করতে শুরু করেন, ইউরোপে দক্ষতা ভিত্তিক (Skill-based) জনশক্তির গুরুত্ব। ধীরে ধীরে মনযোগ দেন নিজের ভিতরের প্রতিভাকে কাজে লাগানোর উপায় বাছাই করতে। বেছে নেন তার প্রিয় কাজ বিউটিফিকেশন।
উদ্যোগ নেন বিউটি পার্লার করবেন। স্বামীর সহযোগিতায় তার স্বপ্ন বাস্তবায়নের হাতেখড়ি শুরু হয়। তারপরের গল্প শুধুই সামনে এগিয়ে চলার।
নিজেকে সফল করতে ব্যবসার কোন বিকল্প নেই বলে বিশ্বাস করেন মাহমুদা। তাই প্যারিস উপকন্ঠে গড়ে তোলেন তার প্রথম বিউটি পার্লার- ‘বিউটি ওয়ার্ল্ড’। নিজের বুদ্ধি, সাহস, ও অদম্য ইচ্ছার সঙ্গে কঠোর পরিশ্রম ধীরে ধীরে তাকে নিয়ে যাচ্ছে সাফল্যের উচ্চ শিখরে।
সাফল্যের ধারা অব্যাহত রেখে দৃষ্টান্ত স্থাপন করে একটি পার্লার দিয়ে ব্যবসা শুরু করলেও সম্প্রতি আরেকটি প্রতিষ্ঠান করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশি এ নারী উদ্যোক্তাকে দেখে রীতিমতো অনুপ্রাণিত হচ্ছেন এ শহরে বসবাসরত ভিনদেশি কমিউনিটির নারীরা।
প্রবাসী ও প্রবাসমুখী বাংলাদেশী নারীদের উদ্দেশ্যে মাহমুদা রহমান পরামর্শ দিয়ে বলেন, “ইউরোপে সফল হতে নিজেকে প্রস্তুত করাটাই প্রথম কাজ। ইতিবাচক চিন্তা, ভাষার দক্ষতা এবং কাজ সম্পর্কে অভিজ্ঞতা নেয়া অত্যন্ত জরুরি।
বাংলাদেশ থেকে যেসকল নারীরা ইউরোপে আসেন এবং যারা নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন, তাদের অবশ্যই দেশ থেকে আসার পূর্বে প্রস্তুতি গ্রহন করে আসা উচিত।
যে কাজই হোক না কেন, সেই কাজটিতে দক্ষতা অর্জন করে প্রস্তুতি নিলে ইউরোপের বাজার আপনাকেই খুঁজবে।”
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
