কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দূতাবাস

কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দূতাবাস

নবকণ্ঠ ডেস্ক: ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত সম্মানজনক আন্তর্জাতিক ক্রিকেট আসর ‘কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জয়ের পাশাপাশি টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। দেশের এই সাফল্যে আনন্দিত দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন।

টুর্নামেন্টের ফাইনালে ইউনাইটেড নেশনস (জাতিসংঘ) দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ। পুরো আসরজুড়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সমন্বিত নৈপুণ্যের মাধ্যমে প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে দাপট দেখায় বাংলাদেশ। ফাইনাল শেষে দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস ও বিজয় উদ্‌যাপনে মুখর হয়ে ওঠে টুর্নামেন্ট প্রাঙ্গণ।

বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটি এম রকিবুল হকসহ দূতাবাসের কর্মকর্তারা। বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত বলেন, ইতালিতে ফুটবল ব্যাপক জনপ্রিয় হলেও প্রবাসীদের উদ্যোগ এবং বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশটিতে ক্রিকেটেরও প্রসার ঘটছে। বাংলাদেশ দূতাবাস সবসময় প্রবাসীদের খেলাধুলা এবং তরুণদের বিভিন্ন উদ্যোগকে উৎসাহিত করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আর্থিক ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের এই বিজয়ের আনন্দ ইতালিতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশির উদ্দেশে উৎসর্গ করেন রাষ্ট্রদূত।

এদিকে, ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইউনাইটেড নেশনস দলের অধিনায়কও বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছে। প্রতিবছরের মতো এবারও এই আয়োজন বিভিন্ন সংস্কৃতি ও দেশের মানুষকে এক সুতোয় বেঁধেছে। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। তাদের দুর্দান্ত ব্যাটিং, নিখুঁত বোলিং এবং পরিচ্ছন্ন ফিল্ডিং ছিল বিশেষভাবে নজরকাড়া। শিরোপাটি বাংলাদেশের প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি।

টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে শ্রীলঙ্কা দূতাবাস ক্রিকেট দল। চতুর্থ হয়েছে রোটারি ইন্টারন্যাশনাল ইউএনআই ক্যাসিনো ইউনিভার্সিটি ক্রিকেট দল।

উল্লেখ্য, কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা এবং প্রবাসী কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত একটি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন। প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ ও সংস্কৃতির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক যোগাযোগ বাড়াতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশের এই ধারাবাহিক সাফল্যে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানো এবং ইতালির মাটিতে বাংলাদেশি কমিউনিটির ক্রীড়া কার্যক্রমকে আরও এগিয়ে নিতে এ বিজয় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.