পদত্যাগ করেছেন নাহিদ, এ এক বিরল দৃষ্টান্ত

পদত্যাগ করেছেন নাহিদ, এ এক বিরল দৃষ্টান্ত

নবকণ্ঠ ডেস্কঃ রাজধানীতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

নাহিদ ইসলাম জানান, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সকল কমিটি থেকে ইস্তফা দিয়েছেন। নতুন রাজনৈতিক শক্তি ও দল গঠনে অংশ নেওয়ার উদ্দেশ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন। গণঅভ্যুত্থানকে সংহত করতে রাজপথে থাকার জন্যই পদত্যাগ করেছি।” দুপুর ১টায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

তিনি স্মরণ করিয়ে দেন, গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনিসহ তিনজন উপদেষ্টা দায়িত্ব নিলেও আশানুরূপ ফলাফল না এলেও দেশে স্থিতিশীলতা ফিরেছে। তবে তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের আমলাতান্ত্রিক জটিলতা, পুলিশের আত্মবিশ্বাসের ঘাটতি এবং গণহত্যাকারীদের গ্রেপ্তারে ঘাটতি ছিল। তার মতে, “৬ মাস খুব কম সময়, এর ফলাফল জনগণই মূল্যায়ন করবে।”

নাহিদ ইসলাম গত ১৫ ফেব্রুয়ারি একটি টেলিভিশন সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় নতুন দলে যোগ দেওয়া সম্ভব নয়। তিনি তখনই নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনার কথা উল্লেখ করেন। গতকাল জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এক সংবাদ সম্মেলনে জানান, শিক্ষার্থীদের নতুন দলটি ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে।

নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হবেন কে, তা ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান। তিনি বলেন, “সরকারে থেকে জনগণের প্রত্যাশা পূরণে চেষ্টা করেছি, কিন্তু এখন সরাসরি জনগণের সাথে কাজ করাই সময়ের দাবি।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাহিদের এই সিদ্ধান্ত চলমান রাজনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষত তরুণ ও শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.