
মাত্র ৬ দিন যেতে না যেতেই ফ্রান্সের ৯ শহরে জারি করা কারফিউ এর আওতা বাড়াতে হচ্ছে আরো ৩৮ টি এলাকায়। করোনার দ্বিতীয় ঢেউয়ে এ রিপোর্ট লেখার সময় একদিন ৪১ হাজার ৬২২ জন আক্রান্তের রেকর্ড দেখা যায়। ধারণার চেয়েও খারাপ পরিস্থিতিতে কারফিউ এর নতুন ঘোষনা দিতে গিয়ে ফরাসী প্রধানমন্ত্রী জঁ কাস্টেক্স বলেন, “দ্বিতীয় ঢেউ চলে এসেছে আর পরিস্থিতি এখন ভুতুড়ে”।
গত বৃহষ্পতিবার এক প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী এ নতুন ঘোষনা পাঠ করেন যাতে ৩৮ টি প্রশাসনিক বিভাগে কারফিউ ঘোষনা করা হয়। এতে করে মোটামুটি ৪ কোটি ৬০ লাখ মানুষের উপর সরাসরি প্রভাব পড়বে যা ফ্রান্সের জনসংখ্যার দুই তৃতীয়াংশ। নতুন ঘোষনার ফলে মোট ৪৭ টি প্রশাসনিক এলাকা কারফিউ এর আওতাভুক্ত হল। বাদ যাচ্ছে না ফ্রেঞ্চ পলিনেশিয়ার মত বিচ্ছিন্ন দ্বীপও। নতুন এলাকা গুলোতে এ কারফিউ কার্যকর হবে আজ শুক্রবার ২৩ অক্টোবর মধ্যরাত থেকে।
সামনের সপ্তাহগুলো বেশ কঠিন হবে, এবং হাসপাতালগুলো কঠিন পরীক্ষার মুখোমুখি হবে বলে তিনি সতর্ক করেন। কাস্টেক্স আরো বলেন, “আমরা যদি মহামারি থামাতে ব্যর্থ হই তাহলে চরম মূল্য দিতে হবে আমাদের। তাই প্রয়োজন হলে কারফিউ আরো কঠিন করা হবে। এখনো আমাদের হাতে কিছু সময় আছে তবে খুব শীঘ্রই আমরা এ সময়টুকুও পাব না।”
সপ্তাহখানেক আগে মাখসাই, লিয়ন, সাঁই-এতিনে, তুলুজ, লিল, মন্তপেলিয়র, রোয়েন এবং গ্রেনোবল এই ৯ শহরে প্রথমে রাত ৯ টা থেকে ভোর ৬ টা কারফিউ জারি করা হয়। এতেই ২ কোটি মানুষের জীবনে প্রভাব পড়েছে। প্রতিটি বাসিন্দাকে কারফিউ টাইমে বাইরে যেতে হলে ইন্টারনেটের মাধ্যমে প্রশাসনের অনুমতি সংগ্রহ করে তা প্রিন্ট করে সাথে নিয়ে বের হতে হচ্ছে।
শর্ত অমান্য করলে প্রথমবার ন্যূনতম ১৩৫ ইউরো, এবং পুনরায় করলে ৩ হাজার ৭৫০ ইউরো জরিমানা করা হবে বলে ঘোষনা করা হয়েছে। মিউনিসিপাল পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে ১২ হাজার পুলিশ অফিসার যুক্ত হয়েছেন এ কারফিউ কার্যকর করতে।
নতুন এলাকার তালিকায় রয়েছে Ain, Alpes-Maritimes, Ardèche, Ardennes, Ariège, Aube, Aveyron, Bas-Rhin, Calvados, Corse du Sud, Côte-d’Or, Drôme, Gard, Haute-Corse, Haute-Loire, Haute-Savoie, Haute-Vienne, Hautes-Alpes, Hautes-Pyrénées, Ille-et-Vilaine, Indre-et-Loire, Jura, Loiret, Lozère, Maine-et-Loire, Marne, Meurthe-et-Moselle, Oise, Pas-de-Calais, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Pyrénées-Orientales, Saône-et-Loire, Savoie, Tarn, Tarn-et-Garonne, Var, Vaucluse এবং ফ্রেঞ্চ পলিনেশিয়া।
বুধবারের রেকর্ড অনুযায়ী, ২ হাজারের বেশী রোগিকে আইসিইউ তে রাখা হয়েছে এদের মধ্যে একদিনে ১৬৬ জন মারা যাওয়ার রেকর্ড রয়েছে। এতে দেশটিতে কোভিড মহামারিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজারে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
