প্যারিসে তীব্র তাপপ্রবাহে ২৪ ঘণ্টায় ১০৯ জনের মৃত্যু, চাপে জরুরি স্বাস্থ্যসেবা

প্যারিসে তীব্র তাপপ্রবাহে ২৪ ঘণ্টায় ১০৯ জনের মৃত্যু, চাপে জরুরি স্বাস্থ্যসেবা

নবকণ্ঠ ডেস্ক: ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরটির জরুরি চিকিৎসা সেবা সাম্যু (SAMU) জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় রাস্তা ও নিজ নিজ বাসভবনে ১০৯ জনের মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। এতে দেশটির স্বাস্থ্যব্যবস্থার ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত তাপমাত্রার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ এবং একা বসবাসকারীরা। এদিকে হাসপাতালগুলোতে হিটস্ট্রোক, পানিশূন্যতা, হৃদ্‌রোগ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রশাসন ইতোমধ্যে একাধিক জরুরি পদক্ষেপ নিয়েছে। কিছু এলাকায় জনসমাগম সীমিত করা হয়েছে, পার্কগুলো দীর্ঘ সময়ের জন্য খোলা রাখা হয়েছে এবং নাগরিকদের পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা ও দিনের সবচেয়ে গরম সময়ে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপে ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবেরই প্রতিফলন। ২০০৩ সালের ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমান পরিস্থিতি সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিকে আবারও সামনে নিয়ে এসেছে এবং নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

এ অবস্থায় দেশটির স্বাস্থ্য বিভাগ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অসুস্থতা, অতিরিক্ত দুর্বলতা, মাথা ঘোরা বা অন্য কোনো অস্বাভাবিক শারীরিক উপসর্গ দেখা দিলে দ্রুত জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

 

 

©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.