নবকণ্ঠ ডেস্কঃ ইতালির মিলানে ৬ বাংলাদেশি মিলে পিটিয়ে হত্যা করল আরেক স্বদেশীকে। করোনা আমদানী ও ভুয়া কোভিড টেস্ট এর কারণে যখন ইতালীয়ানদের কাছে বাংলাদেশের ভাব-মর্যাদা প্রতিদিন ধুলিসাৎ হচ্ছে তখনই ঘটল এই ন্যাক্কারজনক ঘটনা। সারা ইতালীতে এখন বাংলাদেশি মানেই ‘ভাইরাস বোমা’। ধারাবাহিক মারামারি ও খুন-ধর্ষনের মত ক্রাইমের এইবারের পর্বে ১৮ জুলাই শনিবার রাতে বাণিজ্যিক রাজধানী মিলানে নৃশংসভাবে খুন হয়েছেন এক জন। রশিদ হাওলাদার (৪৪) নামে নিহত হতভাগ্য ব্যক্তির বাড়ি মাদারীপুর জেলায়। খুনী ৬ বাংলাদেশির খোঁজে মাঠে নেমেছে পুলিশ।
বিস্তারিত ঘাটতে গিয়ে জানা যায়, মিলানের কেন্দ্রস্থলে স্তাদেরা নামক এলাকায় মন্তেগানি রোডে পৌর বাজারের সামনে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ট্রাজেডির সূত্রপাত। তর্কাতর্কির এক পর্যায়ে ৬ বাংলাদেশির একটি সংঘবদ্ধ দল হাতুড়ি ও চেইন দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে রশিদ হাওলাদারকে। পুলিশের প্রথম গাড়ি এবং এম্বুলেন্স আসার আগেই খুনিরা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। স্থানীয় সান পাওলো হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই না ফেরার দেশে পাড়ি জমান রশিদ হাওলাদার।
ঘটনাস্থল থেকে হাতুড়ি ও চেইন সহ খুনিদের ফেলে যাওয়া বেশ কিছু আলামত উদ্ধার করেছে ইতালীয় পুলিশের সায়েন্টিফিক টিম। ২ খুনিকে ইতোমধ্যে সনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর খুনিদের ধরার চেষ্টা চলছে বলে জানা গেছে।
নিহত রশিদ হাওলাদার বৈধ বসবাসের অনুমতি (পেরমেসসো দি সোজ্জর্নো) নিয়ে বসবাস করে আসছিলেন ইতালিতে। হত্যাকাণ্ডের ঘটনাস্থল স্তাদেরা এলাকাটি আগে থেকেই ‘ক্রাইম জোন’ হিসেবে চিহ্নিত ছিল সর্ব সাধারনের কাছে। এতদিন উত্তর আফ্রিকার অভিবাসীরা এর কারণ হয়ে থাকলেও তাদের ছিল ছোটখাটো ক্রাইমের রেকর্ড। কিন্তু খুনের রেকর্ড করলো এবার বাংলাদেশিরা।
