জেনেভায় বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস ও অভিবাসী দিবস উদযাপন

জেনেভা, ১৬ ডিসেম্বর ২০১৯:

যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস ২০১৯ ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেভায় সরকারি সফররত বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত আহসান তার বক্তব্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে ন’মাসব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অসম সাহসিকতা এবং বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিশেষ করে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্বব্যাপী জনমত গঠন, মুক্তিযুদ্ধা ও দুর্গত বাঙালিদের জন্য অর্থ ও ত্রাণ-সামগ্রী সংগ্রহ এবং মুক্তিযুদ্ধের যৌক্তিক কারণ ওসঠিক তথ্য বিশ্বের দরবারে তুলে ধরার ক্ষেত্রে প্রবাসী বাঙালিদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক বলেন,“সার্বিক মুক্তির মধ্য দিয়ে একটি উদার, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। জাতির পিতার স্বপ্নের সোপান বেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণ করার মধ্য দিয়েই আমরা সেই লক্ষ্য অর্জনে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এসময় বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, সহ সভাপতি নুরুল্লাহ্ চৌধুরী, জামাল উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক শাহ্ আলম এগার এবং উপদেষ্টা খলিলুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ মহসিন, রবি সরকার, আশরাফুল ইসলাম আজাদ, সহ সভাপতি অরুন বড়ুয়া, হারুন রশিদ, যুগ্ম সম্পাদক বিপুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, মনির চৌধুরী, তথ্য ও গবেষণা গৌরিচরন সসীম প্রমুখ। আলচনা সভা শেষে রাষ্ট্রদূতের সহধর্মিণী মমতাজ আহসানের তত্বাবধানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগন এবং তাঁদের পরিবারের সদস্যবর্গের অংশগ্রহনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পর্যায়ে ঐতিহাসিক ভূমিকা পালনকারী সকল শহিদদের আত্মার মাগফিরার কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং অতিথিদের দেশীয় খাবারে আপ্যায়ন করা হয়। বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীগণ এবং সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাঙালি ও শিশু-কিশোররা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.