
নবকণ্ঠ ডেস্কঃ তরুণ নির্মাতা সৈয়দ সাহিল সম্প্রতি ‘মুক্তি’ শিরোনামে একটি গান নির্মাণ করেছেন যা সাহিলের ভাষ্যমতে একটি মিউজিক্যাল স্টোরি।
গানটির কথা লিখেছেন সৈয়দ সাহিল নিজেই এবং সুর করেছেন এ কে মিশু। নাসিফ হোসেন নিপুর সংগীতায়োজনে গানটি গেয়েছেন নিক্সন রিজভী।
গানটিতে অভিনয় করেছেন ফরাসী অভিনেতা জন লুক। জন লুকের পাশাপাশি গানটিতে আরো অভিনয় করেন ফাহাদ পারভেজ, পূজা দাস, মাসুদ আল আজাদ, ইমতিয়াজ রনি প্রমুখ।
দুই দিন ধরে প্যারিসের বিভিন্ন স্থানে গানটির দৃশ্যায়ন সম্পন্ন হয়।
সাহিলের মতে গানটি বাস্তবের নরকে শোষিত মানুষের ঘুমন্ত বিবেকের জেগে ওঠার উপাখ্যান। তাই অন্যরা এটিকে গান ভিডিও বললেও তিনি এটিকে মিউজিক্যাল স্টোরিই বলেন।
তিনি বলেন গানটিতে একটি গল্প দেখানো হয়েছে যা অনেকেই নিজের সংগে মেলাতে পারবেন।
প্যারিসের বিভিন্ন স্থানে গানটির শ্যুটিং এর অভিজ্ঞতা বেশ চমৎকার উল্লেখ করে এই তরুণ নির্মাতা জানান যে নিয়মিত ধারার বাইরে ভিন্নধর্মী এই গানটি দর্শকদেরকে এক অন্যরকম আনন্দ দিবে বলেই তিনি আশা রাখেন।
গানটির প্রযোজক শফিক আহমেদও একই আশা ব্যক্ত করে বলেন যে গানটির সাথে সংশ্লিষ্ট সকলের এই আন্তরিক প্রচেষ্টা শ্রোতা – দর্শকদেরকে আকর্ষণ করবে এবং তাদের কাছে এটি উপভোগ্য হবে।
‘মুক্তি’ শিরোনামের এই গানটি এই মাসেই ইউটিউবে উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে। ফলে দর্শক শ্রোতারা খুব সহজেই এই অন্যরকম পরিবেশনাটি উপভোগ করতে পারবে।
তবে সৈয়দ সাহিলের এই মিউজিক্যাল স্টোরিটিই প্রথম নির্মাণ নয়। এর পূর্বে তিনি নির্মাণ করেছিলেন ‘পথযাত্রী’ নামক একটি ওয়েব ফিল্ম, যেখানে অভিনয় করেছিলেন নাসির উদ্দীন খান, অ্যান্থনি ও ফরাসী অভিনেত্রী অলি ক্যান।
এছাড়াও ‘ঘুমন্ত বিবেক’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নির্মাণ করেছেন এই তরুণ নির্মাতা। আশা করা যায়, এই নির্মাতা ভবিষ্যতে তার দর্শকদের এরূপ আরও অনেক ভিন্নরকম এবং বাস্তবধর্মী নির্মাণের স্বাদ দিতে পারবেন।
-331
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
