ফ্রান্সে রমজান উপলক্ষে ২৬০০ মসজিদে বিশেষ প্রস্তুতি

ফ্রান্সে রমজান উপলক্ষে ২৬০০ মসজিদে বিশেষ প্রস্তুতি

নবকণ্ঠ ডেস্কঃ পবিত্র রমজান মাসকে ঘিরে ইউরোপের দেশ ফ্রান্স জুড়ে ধর্মীয় আবহ স্পষ্ট হয়ে উঠেছে। দেশটির প্রায় ২ হাজার ৬০০টি মসজিদে রমজানের আনুষ্ঠানিকতা যথাযথ মর্যাদায় পালনের জন্য নেওয়া হয়েছে বিস্তৃত প্রস্তুতি। মাসব্যাপী সিয়াম সাধনায় অংশ নিতে মুসল্লিদের সুবিধার্থে প্রতিটি মসজিদেই আয়োজন করা হচ্ছে বিশেষ ইফতারের ব্যবস্থা।

রমজানের শুরু থেকেই তারাবীহর নামাজ ও গভীর রাতের নফল ইবাদতে মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো। সন্ধ্যার পর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মুখর থাকে মসজিদগুলো। বিশেষ করে সপ্তাহান্তে মসজিদগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

মুসল্লিদের স্বাগত জানাতে রমজানের আগেই অধিকাংশ মসজিদে সম্পন্ন করা হয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নামাজের হল, অজুখানা এবং বহিরাঙ্গন গুছিয়ে প্রস্তত করা হয়।  এ কাজগুলো কমিউনিটি ভিত্তিক মুসলিম ভলান্টিয়ার রা করে থাকেন। নারীদের নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থানগুলোও বিশেষভাবে প্রস্তুত করা হয়, যাতে তারা নির্বিঘ্নে ইবাদতে অংশ নিতে পারেন।

নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। রমজানজুড়ে মসজিদগুলোতে স্বেচ্ছাসেবক ও নিবেদিতপ্রাণ সহায়তাকারীরা দায়িত্ব পালন করছেন। তারা ইফতার পরিবেশন, শৃঙ্খলা রক্ষা এবং মুসল্লিদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখছেন।

রমজান মাসে রাজধানী প্যারিস এবং এর আশপাশের শহরগুলোতে এক ভিন্নধর্মী পরিবেশ সৃষ্টি হয়। রাত নামার সঙ্গে সঙ্গে বহু এলাকায় মসজিদকেন্দ্রিক প্রাণচাঞ্চল্য বাড়তে থাকে, যেন শহরজুড়ে ছড়িয়ে পড়ে আধ্যাত্মিক আবহ।

বাংলাদেশি কমিউনিটির পরিচালিত মসজিদগুলোতেও ইফতারের আয়োজন বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় ইসলামিক সেন্টারগুলোতে হিফজ বিভাগ ও মক্তবে অধ্যয়নরত শিশু-কিশোরদের উপস্থিতি রমজানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। তাদের কোরআন তিলাওয়াত ও ধর্মীয় শিক্ষার চর্চা পুরো মাসজুড়ে পবিত্রতার আবহকে আরও গভীর করে তোলে।

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.