মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল

নবকণ্ঠ ডেস্ক: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে ফ্রান্সের রাজধানী প্যারিসে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রবাসী সংগঠন কানাইঘাট ব্রাদারহুড, ফ্রান্স এ অনুষ্ঠানের আয়োজন করে।

আব্দুল হালিমের সভাপতিত্বে এবং জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি নেতা ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট এবাদুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াত এবং হাফিজ মঈন উদ্দিনের দারসুল কোরআনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জীবন, কর্ম ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা।

অনুষ্ঠানে সাংবাদিক আবু তাহির দুলাল, বুলবুল আহমেদ, মিফতাহ উদ্দিন, ইকবাল হোসাইন, হাফিজ আব্দুল আলি, কুতুব উদ্দিন, মাহবুবুর রহমানসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একজন জননন্দিত রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান মানুষ হিসেবে তিনি সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই তাঁর বিনয়, আন্তরিকতা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার কথা তুলে ধরেন। তাঁদের ভাষ্য, তাঁর অবদান শুধু কানাইঘাট-জকিগঞ্জ অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়; বৃহত্তর সিলেটের সামাজিক, শিক্ষাগত ও ধর্মীয় অঙ্গনেও তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

স্মরণসভায় বক্তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রূহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ এখলাছুর রহমান। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.