নবকণ্ঠ ডেস্ক: বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে আলোচিত মুফাস্সিল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন একদল আইনজীবী। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের ও দ্রুত তদন্তের আহ্বানও জানানো হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে সাতজন আইনজীবী স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর কাছে একটি “ডিমান্ড জাস্টিস নোটিশ” পাঠান। নোটিশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে অভিযুক্ত ব্যক্তির ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে এবং তার কর্মকাণ্ড জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
নোটিশে উল্লেখ করা হয়, কিছুদিন আগে অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে অভিযুক্ত হন। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে এবং সামাজিক সম্প্রীতির জন্যও হুমকি তৈরি করেছে।
তাদের দাবি, এসব কর্মকাণ্ড বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ২৯৫(ক), ২৯৮ ও ৪৯৯ ধারাসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘনের শামিল। নোটিশে বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং জনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি সৃষ্টির মতো গুরুতর অপরাধের সঙ্গে এসব কর্মকাণ্ড সংশ্লিষ্ট।
আইনজীবীরা নোটিশে আরও দাবি জানান, অভিযুক্ত মুফাস্সিল ইসলামকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে এবং তার বিরুদ্ধে প্রযোজ্য ফৌজদারি আইনে মামলা রুজু নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত কথিত আপত্তিকর কনটেন্ট দ্রুত অপসারণ ও জব্দের ব্যবস্থাও নেওয়ার আহ্বান জানানো হয়।
নোটিশে বলা হয়, অভিযুক্তের সঙ্গে অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নেটওয়ার্ক জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সাইবার নজরদারি বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।
এছাড়া অভিযুক্ত ব্যক্তি যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে। দেশে তার অবাধ চলাচল থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে উল্লেখ করে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন নোটিশ প্রদানকারীরা।
আইনজীবীরা সতর্ক করে বলেন, এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা আরও বাড়বে এবং এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারবে না।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
