নবকণ্ঠ ডেস্কঃ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ৯ মে ২০২৫ তারিখে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপি বাংলাদেশ) নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। কোন প্রকার বিদেশী বাজেট বিহীন সীমিত সাধ্যের মধ্যে অভূতপূর্ব আয়োজনের জন্য প্রশংসিত হচ্ছে দল টি।
২০২৪ সালের জুলাই মাসের গণ-আন্দোলনের তরুণ নেতৃবৃন্দ ও প্রাক্তন ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে গঠিত এই দলটি দেশের রাজনীতিতে একটি বিকল্প গণতান্ত্রিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। দলের সদস্য সচিব আলি আহসান জুনায়েদ আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেন।
UP বাংলাদেশের মূল লক্ষ্য ২০২৪-এর গণ-আন্দোলনের আদর্শ বাস্তবায়ন। দলটি গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক সংস্কার, নাগরিক অধিকার রক্ষা এবং ধর্মনিরপেক্ষতা, সামাজিক উদারনীতি ও কেন্দ্র-ডানপন্থী নীতির ভিত্তিতে একটি সমতাভিত্তিক সমাজ গঠনে কাজ করবে বলে জানানো হয়েছে। এ লক্ষ্যে ৮০-৯০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, তহবিল সংগ্রহ, সদস্য নিবন্ধন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে একটি ওয়েবসাইট চালু করেছে দলটি।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আদর্শিক ঘোষণাপত্র পাঠ করা হয় এবং বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেন।
শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ ওসমান পাটোয়ারীর পিতা আব্দুর রহমান, শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, শহীদ আসহাবুল ইয়ামিনের পিতা মহিউদ্দিন, শহীদ জাবিরের পিতা কবির হোসেন, শহীদ ডা. সজিবের বোন স্বর্ণা, পিলখানা শহীদ সুবেদার নুরুল ইসলামের ছেলে হান্নান।
আরও উপস্থিত ছিলেন, শহীদ নাফিজার পিতা আবুল হোসেন, শহীদ যোবায়েরের পিতা কামাল উদ্দিন, শহীদ আব্দুল্লাহ কবীরের ভাই রাজু, শহীদ নূরের পিতা আবুল বাশার, শহীদ সোহেলের স্ত্রী মারইয়াম রাহিম, বিএফ শাহীনের শহীদ আহনাফের বাবা-মা, শহীদ ফাইয়াজের ভাই সহিদুল, শহীদ নাফিজের বাবা গোলাম রহমান, শহীদ রমিজ উদ্দিনের বাবা রকিবুল আহমেদ, শহীদ আরাফাতের ভাই হাসান আলী, শহীদ সাইদুল ইসলামের স্ত্রী শিল্পী, শহীদ সোহানের স্ত্রী সম্পা আক্তার, শহীদ কবিরের ভাই মিঠুন হাসান, শহীদ রুবেলের স্ত্রী রুপা এবং শহীদ সজলের মা রুনা বেগম।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি গণস্বাক্ষর অভিযান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জানা যায় দলটি আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন গড়ে তোলার মাধ্যমে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপনের পরিকল্পনা করেছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
