নবকণ্ঠ ডেস্কঃ জাতীয়তাবাদী কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবিরের উদ্যোগে ফরিদপুর-৪ আসনের চরভদ্রাসন উপজেলার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট’-এর মাধ্যমে প্রবাস থেকে আয়োজিত এ কর্মসূচিতে প্রত্যেক ইমামকে এক বস্তা চাল, নগদ অর্থ ও ঈদ সামগ্রী দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় গত কয়েক বছর ধরে এ উদ্যোগ চালিয়ে আসছেন আলমগীর কবির।
গাজিরটেকের ঐতিহাসিক ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান ওবায়দুল বারী দিপু খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলমগীর কবিরের পিতা আব্দুর রহিম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে তার ছোট ভাই মোস্তফা কবিরও সহযোগিতার হাত বাড়ান।
ইমাম-মুয়াজ্জিনরা সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখলেও তাদের প্রায়ই উপেক্ষা করা হয় বলে মন্তব্য করেন আলমগীর কবির। তিনি জানান, “প্রবাসে থেকেও নিজ এলাকার ইমামদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারেক রহমান সাহেবের নির্দেশনায় এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অংশ নেওয়া ইমামরা এ উদ্যোগকে “সমাজের অবহেলিত শ্রেণির প্রতি মমত্ববোধের প্রকাশ” বলে অভিহিত করেন। একই সঙ্গে তারা সরকারি ও বেসরকারি পর্যায়ে ইমামদের জন্য স্থায়ী কল্যাণ তহবিল গঠনের দাবি জানান।
আব্দুর রহিম বেপারী জানান, ট্রাস্টের মাধ্যমে ইমামদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করা হবে। স্থানীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক বিভাজন ছাপিয়ে সমাজসেবার এমন মডেল সারাদেশে ছড়িয়ে পড়বে।
ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা রক্ষায় আলমগীর কবিরের এই উদ্যোগ ফরিদপুরে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার এই প্রচেষ্টা সামাজিক সম্প্রীতির নতুন দিগন্ত খুলে দেবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

